মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

| ২৫ কার্তিক ১৪৩৩

সাইবার নিরাপত্তাকে গুরুত্ব দিয়ে তৈরি করতে হবে আগামী বাজেট

টেকস্ক্রল নেটওয়ার্ক

প্রকাশ: ১৫:৩৯, ১০ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৫:৪৪, ১০ নভেম্বর ২০২৬

সাইবার নিরাপত্তাকে গুরুত্ব দিয়ে তৈরি করতে হবে আগামী বাজেট

সাইবার নিরাপত্তাকে গুরুত্ব দিয়ে তৈরি করতে হবে আগামী বাজেট

সরকারি তথ্য-উপাত্ত নিরাপদ রাখতে ও ডিজিটাল সেবার সুরক্ষায় প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানো প্রয়োজন। এজন্য সাইবার নিরাপত্তাকে গুরুত্ব দিয়ে আগামীতে বাজেট তৈরি করতে হবে বলে মনে করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। মঙ্গলবার (১০ নভেম্বর) রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে দুই দিনব্যাপী ‘সাইবারসিকিউরিটি অ্যান্ড ডেটা প্রোটেকশন’ শীর্ষক সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ডিজিটাল ব্যাংকিং, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস থেকে শুরু করে ‘এক নাগরিক, এক পরিচয়, এক ওয়ালেট’ সবকিছুই এখন ডিজিটাল প্ল্যাটফর্মের ওপর নির্ভরশীল। এতে নতুন সুযোগ তৈরি হলেও সাইবার হুমকিও বাড়ছে। সরকারি তথ্য-উপাত্ত, গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো (সিআইআই) ও ডিজিটাল সেবা সুরক্ষায় প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানোর পাশাপাশি দক্ষ জনবল তৈরি এবং কার্যকর নীতিমালা প্রণয়ন করতে হবে।

তিনি আরও বলেন, প্রাতিষ্ঠানিক পরিকল্পনা, নীতিনির্ধারণ ও বাজেটে সাইবার নিরাপত্তাকে গুরুত্ব দিতে হবে। এ জন্য দক্ষ ও প্রশিক্ষিত জনবল তৈরি, প্রতিষ্ঠানের সক্ষমতা বাড়ানো এবং কার্যকর নেতৃত্ব নিশ্চিত করা প্রয়োজন। সমন্বিত উদ্যোগের মাধ্যমে নিরাপদ, নির্ভরযোগ্য ও টেকসই ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে হবে।

সাইবার নিরাপত্তা জোরদারে তিনটি বিষয়কে অগ্রাধিকার দেওয়ার কথা বলেন ফকির মাহবুব আনাম। তিনি বলেন, গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করতে অবকাঠামো ও প্রযুক্তি ব্যবস্থার নকশা তৈরির শুরু থেকেই সাইবার নিরাপত্তাকে গুরুত্ব দিতে হবে। অবকাঠামো তৈরির পর নিরাপত্তার ব্যবস্থা না করে শুরু থেকেই এটিকে উন্নয়ন পরিকল্পনার অংশ করতে হবে।

তিনি বলেন, নাগরিকদের ব্যক্তিগত ও সংবেদনশীল তথ্যের সুরক্ষাকে ডিজিটাল রাষ্ট্র গঠনের অন্যতম প্রধান শর্ত। এ জন্য কার্যকর তথ্য সুরক্ষা কাঠামো তৈরি ও বাস্তবায়ন করতে হবে। একই সঙ্গে ডিজিটাল সেবার প্রতি মানুষের আস্থা তৈরি করাও জরুরি।সেমিনারের আলোচনা ও সুপারিশ বাস্তবায়নে জাতীয় সাইবার সিকিউরিটি এজেন্সিকে সুস্পষ্ট রোডম্যাপ তৈরির আহ্বান জানান মন্ত্রী। 

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ বলেন, ভৌগোলিক সীমানার মতো ডিজিটাল সার্বভৌমত্ব রক্ষাও এখন অপরিহার্য। সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে অবকাঠামোগত প্রস্তুতি, নাগরিকদের তথ্যের শতভাগ সুরক্ষা এবং তরুণ প্রজন্মের মেধার সঠিক বিকাশ নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) কারণে সাইবার ঝুঁকি প্রতিনিয়ত বাড়ছে। সাইবার অপরাধীদের মোকাবিলা করতে হলে একই গতি ও আধুনিক প্রযুক্তি নিয়ে প্রস্তুত থাকতে হবে। প্রয়োজনীয় টুলস ও প্রশিক্ষণের মাধ্যমে তরুণদের মেধার সঠিক ব্যবহার এবং আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে একযোগে কাজ করতে হবে। এর মাধ্যমেই একটি নিরাপদ ও স্থিতিশীল ডিজিটাল ব্যবস্থা গড়ে তোলা সম্ভব।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মো. মামুনুর রশীদ ভূঞা। স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) নাহিদ সুলতানা মল্লিক। এ ছাড়া এস্তোনিয়ার ই-গভর্ন্যান্স একাডেমির (ইজিএ) প্রতিনিধি ইনগ্রিড টুনিকুর্গ সূচনা বক্তব্য দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধিদলের একজন প্রতিনিধি উপস্থিত ছিলেন।

সেমিনারে জাতীয় সাইবার নিরাপত্তা কৌশল, বাংলাদেশের সাইবার ঝুঁকি, সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ও সিইআরটি/সিএসআইআরটির কার্যক্রম, সরকারি নেটওয়ার্কের সুরক্ষা, সাইবার হামলা মোকাবিলা, দুর্যোগের পর পুনরুদ্ধার এবং গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোর নিরাপত্তা নিয়ে আলোচনা হবে।

দুই দিনের এ সেমিনারে এস্তোনিয়ার সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা তাঁদের আন্তর্জাতিক অভিজ্ঞতা ও কারিগরি জ্ঞান তুলে ধরবেন। পাশাপাশি সাইবার নিরাপত্তা তদারকি, সাইবার কূটনীতি, ভুল ও বিভ্রান্তিকর তথ্য মোকাবিলা এবং বাংলাদেশের সাইবার স্থিতিশীলতা বাড়ানোর উপায় নিয়ে বিশেষজ্ঞদের আলোচনা হবে।

নীতিনির্ধারক ও জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তাদের সাইবার নিরাপত্তা বিষয়ে সচেতনতা বাড়ানো, সরকারি ডিজিটাল সেবার সুরক্ষা নিশ্চিত করা এবং জাতীয় পর্যায়ে সাইবার ঝুঁকি মোকাবিলায় সমন্বিত সক্ষমতা তৈরিতে এ সেমিনার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে পরিচালিত ‘ই-ফেক্টিভ গভর্ন্যান্স: অ্যাক্সিলারেটিং ই-গভর্নমেন্ট অ্যান্ড ডিজিটাল পাবলিক সার্ভিসেস ইন বাংলাদেশ’ প্রকল্পের আওতায় এ সেমিনারের আয়োজন করা হয়েছে। এতে দেশি-বিদেশি সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ, নীতিনির্ধারক, জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা এবং গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোর সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নিচ্ছেন।

 

এ সম্পর্কিত খবর
আরও পড়ুন