মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

| ১ অগ্রাহায়ণ ১৪৩৩

১৩ তম কর্পোরেট গভর্ন্যান্স এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান করল আইসিএসবি

টেকস্ক্রল নেটওয়ার্ক

প্রকাশ: ১৮:৪৪, ১৬ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৮:৫০, ১৬ নভেম্বর ২০২৬

১৩ তম কর্পোরেট গভর্ন্যান্স এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান করল আইসিএসবি

১৩ নভেম্বর, রাজধানীর সোনারগাঁও হোটেলে ‘ত্রয়োদশ আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড ফর কর্পোরেট গভর্ন্যান্স এক্সিলেন্স, ২০২৫’ সম্মাননা প্রদান করা হয়

দেশে কর্পোরেট গভর্ন্যান্স প্রতিষ্ঠায় উৎকর্ষতা সাধন এবং কোম্পানির সামগ্রিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার সাফল্যের স্বীকৃতি হিসেবে ৪৪টি প্রতিষ্ঠানকে কর্পোরেট গভর্ন্যান্স এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান করল ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি)। ১৩ নভেম্বর, রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের গ্র্যান্ড বলরুমে ‘ত্রয়োদশ আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড ফর কর্পোরেট গভর্ন্যান্স এক্সিলেন্স, ২০২৫’ সম্মাননা প্রদান করা হয়।  

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং শিল্প মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব ড. হাফিজ আহমেদ চৌধুরী, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরী এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান, এফসিএ, এফসিএমএ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইসিএসবি এর সভাপতি মোহাম্মদ শাহজাহান, এফসিএস। এছাড়াও কর্পোরেট গভর্ন্যান্স অ্যাওয়ার্ডিং চার্টারের সারসংক্ষেপ উপস্থাপন করেন আইসিএসবি-এর কর্পোরেট গভর্ন্যান্স কমিটির চেয়ারম্যান মো. আবদুল্লাহ আল মামুন এফসিএস।

আইসিএসবির নির্ধারিত মান অনুযায়ী, ২০২৫ সালে কর্পোরেট গভর্ন্যান্স, স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠায় কোম্পানিগুলোর প্রচেষ্টা এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কর্পোরেট গভর্ন্যান্স কোডের সাথে সঙ্গতিপূর্ণভাবে প্রাতিষ্ঠানিক কার্যক্রম পরিচালনার ভিত্তিতে এই পুরস্কার প্রদান করা হয়, যার মূল প্রতিপাদ্য ছিল 'প্রমোটিং গভর্নিং এক্সিলেন্স'।

ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসিতে তালিকাভুক্ত কোম্পানিসমূহর মধ্য থেকে ১৪ টি ক্যাটাগরিতে বিজয়ী ৪৪ টি কোম্পানিকে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিশেষ অতিথি। গোল্ড, সিলভার ও ব্রোঞ্জ- এই তিনটি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়। 

জেনারেল ব্যাংকিং কোম্পানিজ ক্যাটাগরিতে গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে ব্র্যাক ব্যাংক পিএলসি ও ইস্টার্ন ব্যাংক পিএলসি ; এই ক্যাটাগরিতে সিটি ব্যাংক পিএলসি সিলভার এবং পূবালী ব্যাংক পিএলসি ব্রোঞ্জ অ্যাওয়ার্ড অর্জন করেছে।

ইসলামি ব্যাংকিং কোম্পানিজ ক্যাটাগরিতে শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে।

ফাইন্যান্স কোম্পানিজ ক্যাটাগরিতে গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে আইডিএলসি ফাইন্যান্স পিএলসি; এই ক্যাটাগরিতে ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি সিলভার এবং আইপিডিসি ফাইন্যান্স পিএলসি ব্রোঞ্জ অ্যাওয়ার্ড অর্জন করেছে।

জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানিজ ক্যাটাগরিতে গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে সিটি ইন্স্যুরেন্স পিএলসি ও সেনা ইন্স্যুরেন্স পিএলসি; নিটল ইন্স্যুরেন্স পিএলসি সিলভার এবং রিলায়েন্স ইন্স্যুরেন্স পিএলসি ব্রোঞ্জ অ্যাওয়ার্ড অর্জন করেছে।

লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিজ ক্যাটাগরিতে গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি; এই ক্যাটাগরিতে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স পিএলসি সিলভার এবং প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি ব্রোঞ্জ অ্যাওয়ার্ড অর্জন করেছে।

ফার্মাসিউটিক্যালস ও কেমিক্যালস কোম্পানিজ ক্যাটাগরিতে গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে দি ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসি; এই ক্যাটাগরিতে রেকিট বেনকিজার (বাংলাদেশ) পিএলসি সিলভার এবং দ্য একমি ল্যাবরেটরিজ লিমিটেড ব্রোঞ্জ অ্যাওয়ার্ড অর্জন করেছে।    

টেক্সটাইলস ও আরএমজি কোম্পানিজ ক্যাটাগরিতে গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে প্যারামাউন্ট টেক্সটাইল পিএলসি; এই ক্যাটাগরিতে এনভয় টেক্সটাইলস লিমিটেড ও মতিন স্পিনিং মিলস পিএলসি উভয়েই সিলভার এবং শাশা ডেনিমস পিএলসি ব্রোঞ্জ অ্যাওয়ার্ড অর্জন করেছে।

ফুড ও অ্যালায়েড কোম্পানিজ ক্যাটাগরিতে গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে ইউনিলিভার কনজিউমার কেয়ার লিমিটেড; এই ক্যাটাগরিতে এগ্রিকালচারাল মার্কেটিং কোম্পানি লিমিটেড সিলভার এবং গোল্ডেন হারভেস্ট এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড ব্রোঞ্জ অ্যাওয়ার্ড অর্জন করেছে।

ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি কোম্পানিজ ক্যাটাগরিতে গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে আইটিকনসালট্যান্টসপিএলসি; এই ক্যাটাগরিতে বিডিকম অনলাইন লিমিটেড সিলভার এবং এডিএন টেলিকম লিমিটেড ব্রোঞ্জ অ্যাওয়ার্ড অর্জন করেছে।

ইঞ্জিনিয়ারিং কোম্পানিজ ক্যাটাগরিতে গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি; এই ক্যাটাগরিতে বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস লিমিটেড সিলভার এবং রংপুর ফাউন্ড্রি লিমিটেড ব্রোঞ্জ অ্যাওয়ার্ড অর্জন করেছে। 

ম্যানুফ্যাকচারিং কোম্পানিজ ক্যাটাগরিতে গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস বাংলাদেশ পিএলসি; এই ক্যাটাগরিতে আরএকে সিরামিকস (বাংলাদেশ) লিমিটেড সিলভার এবং বাটা সু কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড ও ক্রাউন সিমেন্ট পিএলসি ব্রোঞ্জ অ্যাওয়ার্ড অর্জন করেছে।

ফুয়েল এন্ড পাওয়ার ক্যাটাগরিতে গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে এমজেএল বাংলাদেশ পিএলসি; এই ক্যাটাগরিতে ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড সিলভার এবং লিনডে বাংলাদেশ লিমিটেড ব্রোঞ্জ অ্যাওয়ার্ড অর্জন করেছে।

সার্ভিসেস কোম্পানিজ ক্যাটাগরিতে গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে ইস্টার্ন হাউজিং লিমিটেড; এই ক্যাটাগরিতে ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস পিএলসি সিলভার এবং সামিট অ্যালিয়েন্স পোর্ট লিমিটেড ব্রোঞ্জ অ্যাওয়ার্ড অর্জন করেছে।

টেলিকমিউনিকেশন্স কোম্পানিজ ক্যাটাগরিতে গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে গ্রামীণফোন লিমিটেড; এই ক্যাটাগরিতে রবি আজিয়াটা পিএলসি সিলভার এবং বাংলাদেশ সাবমেরিন কেবলস পিএলসি ব্রোঞ্জ অ্যাওয়ার্ড অর্জন করেছে।

প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্য, বস্ত্র ও পাট এবং শিল্প মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির বলেন, “একটি শক্তিশালী ও টেকসই অর্থনীতি গড়ে তুলতে সব খাতে সুশাসন নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

বিগত বছরগুলোতে সুশাসন চর্চাকারী প্রতিষ্ঠানগুলোকে স্বীকৃতি প্রদানের মাধ্যমে কর্পোরেট খাতে সুশাসন প্রতিষ্ঠায় আইসিএসবির ভূমিকার প্রশংসা করেন তিনি। পাশাপাশি আইসিএসবির ভবিষ্যৎ কার্যক্রম ও অগ্রযাত্রায় বাণিজ্য মন্ত্রণালয়ের অব্যাহত সহযোগিতার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

ড. হাফিজ আহমেদ চৌধুরী, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব বলেন,” কর্পোরেট সুশাসন শুধু আইন ও বিধিবিধান মেনে চলার বিষয় নয়, বরং এটি একটি প্রতিষ্ঠানের মূল্যবোধ, নেতৃত্ব ও দায়িত্বশীল ব্যবসায়িক কার্যক্রমের প্রতিফলন। বাংলাদেশে কর্পোরেট খাতে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন প্রতিষ্ঠায় আইসিএসবির ভূমিকা প্রশংসনীয় বলে তিনি উল্লেখ করেন “

বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরী বলেন, “কর্পোরেট সুশাসন প্রতিষ্ঠা এবং প্রতিষ্ঠানগুলোকে সুশাসনের মানদণ্ড অনুসরণে উৎসাহিত করতে আইসিএসবির ভূমিকা অনস্বীকার্য । টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি ও প্রতিযোগিতামূলক ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করতে সুশাসনের বিকল্প নেই ।“

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান, এফসিএ, এফসিএমএ বলেন, “ব্যবসায়িক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনায় সুশাসন অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি অংশীজনদের অধিকার সুরক্ষায় পরিচালনা পর্ষদের ভারসাম্যপূর্ণ গঠন নিশ্চিত করাও জরুরি। আইসিএসবি এক্ষেত্রে কর্পোরেট সুশাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেশের কর্পোরেট খাতে সুশাসনের মানদণ্ড যথাযথভাবে অনুসরণ নিশ্চিত করার ক্ষেত্রেও তিনি চার্টার্ড সেক্রেটারি পেশাজীবীদের ভূমিকার বিষয়ে গুরুত্বারোপ করেন। “

এর আগে আইসিএসবির সভাপতি মোহাম্মদ শাহজাহান, এফসিএস তাঁর স্বাগত বক্তব্যে বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য কর্পোরেট সুশাসন নিশ্চিত করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

আইসিএসবির কর্পোরেট গভর্ন্যান্স কমিটির চেয়ারম্যান মো. আবদুল্লাহ আল মামুন, এফসিএস পুরস্কারের জন্য কোম্পানিসমূহ নির্বাচনের মূল্যায়ন প্রক্রিয়া তুলে ধরেন।

অনুষ্ঠানের শেষে আইসিএসবির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানান প্রতিষ্ঠানটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. রফিকুল ইসলাম, এফসিএস ।

অনুষ্ঠানে বিশিষ্টজন, সরকারি কর্মকর্তা, পেশাজীবী, বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠানের চেয়ারম্যান, পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক, ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ব্যবসায়িক নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। অতিথিবৃন্দ বাংলাদেশের কর্পোরেট সেক্টরের গভর্ন্যান্স প্রতিষ্ঠায় এবং টেকসই উন্নয়ন নিশ্চিতে আইসিএসবি-এর ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।

এ সম্পর্কিত খবর
আরও পড়ুন