মানচিত্রভিত্তিক প্রশ্নে নতুন সুবিধা
জেমিনিতে নতুন ‘ম্যাপ’ টুল, মানচিত্র দেখেই করা যাবে প্রশ্ন
টেকস্ক্রল নেটওয়ার্ক
প্রকাশ: ১২:৫১, ৪ অক্টোবর ২০২৬
জেমিনিতে নতুন ‘ম্যাপ’ টুল, মানচিত্র দেখেই করা যাবে প্রশ্ন
জেমিনি অ্যাপে নতুন ‘ম্যাপ’ টুল চালু করেছে গুগল। এর মাধ্যমে ব্যবহারকারীরা মানচিত্রে নিজের বর্তমান অবস্থান বা নির্দিষ্ট কোনো এলাকা নির্বাচন করে সেই স্থানকে কেন্দ্র করে জেমিনিকে বিভিন্ন প্রশ্ন করতে পারবেন। সুবিধাটি অ্যান্ড্রয়েড ও আইওএস দুই প্ল্যাটফর্মেই চালু হয়েছে।
অ্যান্ড্রয়েড অথরিটির প্রতিবেদনে বলা হয়েছে, জেমিনি অ্যাপের টুল তালিকার শেষে নতুন ‘ম্যাপ’ অপশন যুক্ত হয়েছে। একই তালিকায় ফটোস, ক্যামেরা, অ্যাভাটার, ফাইলস, ড্রাইভ ও নোটবুকস রয়েছে। নতুন সুবিধাটি শুধু মোবাইল অ্যাপেই পাওয়া যাচ্ছে।
‘ম্যাপ’ অপশনে চাপ দিলে লাইভ মানচিত্রে ব্যবহারকারীর বর্তমান অবস্থান এবং একটি নির্দিষ্ট বৃত্তাকার এলাকা দেখা যাবে। প্রয়োজন অনুযায়ী মানচিত্রে জুম ইন ও জুম আউট করা যাবে। ওপরের ডানদিকে থাকা অনুসন্ধান আইকন ব্যবহার করে নির্দিষ্ট কোনো স্থানও খোঁজা যাবে।
মানচিত্রের নিচে রয়েছে ‘এক্সপ্লোর দিস এরিয়া’ অপশন। এতে চাপ দিলে জেমিনির প্রশ্নের ঘরে ‘ম্যাপ এরিয়া’ যুক্ত হবে। এরপর ব্যবহারকারী ওই নির্দিষ্ট এলাকার ভিত্তিতে জেমিনিকে প্রশ্ন করতে পারবেন। ফলে কোনো এলাকার আশপাশের স্থান বা অবস্থানসংক্রান্ত তথ্য জানতে মানচিত্রের নির্দিষ্ট অংশকে প্রশ্নের প্রেক্ষাপট হিসেবে ব্যবহার করা যাবে।
অ্যান্ড্রয়েড অথরিটি জানিয়েছে, গত ফেব্রুয়ারিতেই জেমিনিতে এই ফিচার আসার প্রাথমিক প্রমাণ পাওয়া গিয়েছিল। পরে নাইনটুফাইভগুগলের তথ্য অনুযায়ী, গুগল এটি অ্যান্ড্রয়েড ও আইওএস ব্যবহারকারীদের মধ্যে ব্যাপকভাবে চালু করেছে।
একই সঙ্গে জেমিনির টুল ব্যবহারের পদ্ধতিতেও পরিবর্তন আনছে গুগল। গুগল অ্যাপের ১৭.৬৩ সংস্করণের পরীক্ষামূলক সংস্করণে দেখা গেছে, আগে টুল বা সুবিধা খুঁজতে ব্যবহৃত ‘স্ল্যাশ’ চিহ্নের পরিবর্তে এখন ‘অ্যাট’ চিহ্ন ব্যবহার করা হবে। এর মাধ্যমে একই জায়গা থেকে ‘স্কিল’ ও ‘কানেক্টর’সহ বিভিন্ন সুবিধা ব্যবহার করা যাবে।
নতুন ব্যবস্থায় ‘অ্যাট’ লিখলে ব্যবহারকারীর স্কিলগুলোর তালিকা এবং নতুন স্কিল তৈরির অপশন দেখা যাবে। এর নিচে থাকবে কানেক্টরগুলো। গুগল আগে যেসব সংযুক্ত অ্যাপকে ‘কানেক্টেড অ্যাপস’ বলত, এখন সেগুলোকে ‘কানেক্টর’ নামে উল্লেখ করছে। তবে এই পরিবর্তন এখনো ব্যাপকভাবে চালু হয়নি।
সূত্র: অ্যান্ড্রয়েড অথরিটি













