বর্তমানে চালু সেবা
গুগল ক্লাউডে বিভ্রাট, বিপাকে যুক্তরাজ্যের ব্যাংক ও সরকারি সেবা
টেকস্ক্রল নেটওয়ার্ক
প্রকাশ: ১৪:০১, ২১ অক্টোবর ২০২৬
গুগল ক্লাউডে বিভ্রাট, বিপাকে যুক্তরাজ্যের ব্যাংক ও সরকারি সেবা
গুগল ক্লাউডে বিদ্যুৎ-সংক্রান্ত সমস্যার কারণে যুক্তরাজ্যে কয়েক ঘণ্টা বিভিন্ন ব্যাংক ও ডিজিটাল সেবায় বিঘ্ন ঘটে। মঙ্গলবার (২০ অক্টোবর) লন্ডনে গুগল ক্লাউডের একটি অঞ্চলে এ বিভ্রাট দেখা দেয়। তবে পরে সেবা পুরোপুরি চালু করা হয়েছে বলে জানায় গুগল।
গুগল জানিয়েছে, লন্ডনভিত্তিক ইউরোপ-ওয়েস্ট-২ ক্লাউড অঞ্চলে বিদ্যুৎ-সংক্রান্ত একটি ঘটনার কারণে এ সমস্যা তৈরি হয়। এ অঞ্চলের ডেটা সেন্টারগুলোর মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠানকে ক্লাউড সেবা দেওয়া হয়।
বিভ্রাটের সময় যুক্তরাজ্যের ডিজিটাল ব্যাংক রেভলুটের কার্ডে অর্থ পরিশোধ ও এটিএম থেকে টাকা তোলার সেবা ব্যাহত হয়। এ ছাড়া লয়েডস ব্যাংক, এইচএসবিসি, সম্পত্তি কেনাবেচার ওয়েবসাইট রাইটমুভ, পার্সেল সরবরাহকারী প্রতিষ্ঠান ডিপিডি, এনএইচএস ইংল্যান্ড ও রয়্যাল মেইলের সেবা নিয়েও সমস্যার খবর পাওয়া যায়।
অনলাইন সেবার বিভ্রাট পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ডাউনডিটেক্টরে এসব সমস্যার কথা জানান ব্যবহারকারীরা। তবে সব প্রতিষ্ঠানের সমস্যার সঙ্গে গুগল ক্লাউডের বিভ্রাটের সরাসরি সম্পর্ক নিশ্চিত হয়নি।
রেভলুট জানিয়েছে, বিভ্রাটে তাদের একাধিক সেবা ক্ষতিগ্রস্ত হলেও গ্রাহকদের অর্থ ও তথ্য নিরাপদ ছিল। লয়েডস জানিয়েছে, মূল সমস্যার সমাধান হওয়ায় তাদের সেবা দ্রুত স্বাভাবিক হবে।
এইচএসবিসিও কিছু গ্রাহকের সেবা ব্যবহারে সমস্যার কথা জানিয়েছে। অন্যদিকে, রয়্যাল মেইল বলেছে, চিঠি ও পার্সেল সরবরাহে কোনো প্রভাব পড়েনি।
জার্মানির ব্যাংক আইএনজিও তাদের ওয়েবসাইট ও অ্যাপে সমস্যার কথা জানিয়েছিল। তবে ব্যাংকটি বলেছে, এ ঘটনার সঙ্গে বাইরের কোনো কারণ বা তৃতীয় পক্ষের প্রযুক্তি সেবাদাতার সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায়নি।
গুগল ক্লাউডের মতো সেবা ব্যবহার করে প্রতিষ্ঠানগুলো নিজস্ব সার্ভার ও ডেটা সেন্টার স্থাপন ছাড়াই তথ্য সংরক্ষণ, প্রক্রিয়াকরণ এবং অনলাইন সেবা পরিচালনা করতে পারে।
ব্যাংকিং অ্যাপ, ওয়েবসাইট ও বিভিন্ন ব্যবসায়িক প্ল্যাটফর্ম এ ধরনের অবকাঠামোর ওপর নির্ভরশীল। ফলে একটি ক্লাউড অঞ্চলে সমস্যা দেখা দিলে একই সেবাদাতার ওপর নির্ভরশীল একাধিক প্রতিষ্ঠানের কার্যক্রম একসঙ্গে ব্যাহত হতে পারে।
এ ঝুঁকি বিবেচনায় গত জুলাইয়ে যুক্তরাজ্য গুগল ক্লাউড, মাইক্রোসফট, অ্যামাজন ওয়েব সার্ভিসেস (এডব্লিউএস) ও ওরাকলকে আর্থিক খাতের গুরুত্বপূর্ণ তৃতীয় পক্ষের প্রযুক্তি সেবাদাতা হিসেবে সরাসরি নিয়ন্ত্রক তদারকির আওতায় আনে।
যুক্তরাজ্যের আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থা ফাইন্যান্সিয়াল কন্ডাক্ট অথরিটি (এফসিএ) জানিয়েছে, তারা এ ঘটনা সম্পর্কে অবগত। এর প্রভাব বুঝতে গুগল ও ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যোগাযোগ করছে সংস্থাটি।
সূত্র: রয়টার্স ও দ্য টেলিগ্রাফ













