মেটা এআইয়ে বাড়তি নিয়ন্ত্রণ
কিশোরদের জন্য নতুন নিয়ন্ত্রণ আনল হোয়াটসঅ্যাপ
টেকস্ক্রল নেটওয়ার্ক
প্রকাশ: ১৬:১৯, ১ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৬:২০, ১ অক্টোবর ২০২৬
কিশোরদের জন্য নতুন নিয়ন্ত্রণ আনল হোয়াটসঅ্যাপ
কিশোরদের হোয়াটসঅ্যাপ ব্যবহার আরও নিয়ন্ত্রিত রাখতে অভিভাবকদের বাড়তি নিয়ন্ত্রণ ও তথ্য জানার সুযোগ দিতে নতুন ব্যবস্থা চালু করেছে হোয়াটসঅ্যাপ। এর মাধ্যমে কিশোর কোনো গ্রুপে যোগ দিলে বা গ্রুপ থেকে বের হলে অভিভাবককে জানানো হবে। এমনকি কিশোর যে গ্রুপে রয়েছে, সেটির সদস্যসংখ্যা উল্লেখ যোগ্যভাবে বাড়লেও অভিভাবকেরা জানতে পারবেন। পাশাপাশি চ্যানেল, স্ট্যাটাস এবং মেটা এআই ব্যবহারের ক্ষেত্রেও নির্দিষ্ট নিয়ন্ত্রণের সুযোগ থাকছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) নতুন সুবিধাগুলো ঘোষণা করে হোয়াটসঅ্যাপ। প্রতিষ্ঠানটি জানিয়েছে, এগুলো নমনীয় ও ঐচ্ছিক অভিভাবকীয় নিয়ন্ত্রণ। অভিভাবক ও কিশোর একসঙ্গে বসে প্রয়োজন অনুযায়ী সেটিংস বা নিয়ন্ত্রণ ব্যবস্থা ঠিক করতে পারবেন। নিয়ন্ত্রণগুলো অভিভাবকের নির্ধারিত পিন দিয়ে সুরক্ষিত থাকবে। কিশোর কোনো সেটিংসের সীমাবদ্ধতা কমাতে চাইলে অভিভাবকের অনুমোদন প্রয়োজন হবে।
নতুন ব্যবস্থায় অভিভাবকেরা কিশোরের কিছু গোপনীয়তা-সংক্রান্ত সেটিংস নিয়ন্ত্রণ করতে পারবেন। এর মধ্যে রয়েছে কে কিশোরের প্রোফাইল ছবি দেখতে পারবে এবং কে তাকে কোনো গ্রুপে যুক্ত করতে পারবে। একই সঙ্গে কিশোরের গ্রুপ কার্যক্রম সম্পর্কেও নির্দিষ্ট সতর্কবার্তা পাওয়া যাবে।
কিশোর কোনো গ্রুপে যোগ দিলে বা গ্রুপ থেকে বের হলে বিজ্ঞপ্তি আসবে। কিশোর যে গ্রুপে আগে থেকেই রয়েছে, সেটির সদস্যসংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়ে গেলেও অভিভাবককে জানানো হবে।
কিশোরের চ্যানেল ব্যবহারের ক্ষেত্রেও অভিভাবকেরা নিয়ন্ত্রণ রাখতে পারবেন। একইভাবে কিশোর কার স্ট্যাটাস দেখতে পারবে এবং কারা তার স্ট্যাটাস দেখতে পারবে, সেটিও নির্ধারণ করা যাবে।
অর্থাৎ কিশোরের জন্য হোয়াটসঅ্যাপের নির্দিষ্ট কিছু কনটেন্ট বা বিষয়বস্তু এবং যোগাযোগের সুযোগ অভিভাবকের পছন্দ অনুযায়ী সীমিত করা সম্ভব হবে।
মেটা এআই ব্যবহারের ক্ষেত্রেও নতুন নিয়ন্ত্রণ থাকছে। অভিভাবকেরা কিশোরের জন্য মেটা এআইয়ের ১৩ বছর বা তার বেশি বয়সীদের উপযোগী সাধারণ অভিজ্ঞতা রাখতে পারবেন অথবা আরও ‘সীমিত বিষয়বস্তু’ ব্যবস্থা বেছে নিতে পারবেন।
এই ব্যবস্থা চালু করলে কিশোর মেটা এআইয়ের সঙ্গে যে ধরনের বিষয় নিয়ে আলোচনা করতে পারবে, তা আরও সীমিত করা হবে। এ ব্যবস্থা চালু থাকলে ব্যক্তিগতভাবে তথ্য প্রক্রিয়াকরণ প্রযুক্তিনির্ভর মেটা এআইয়ের কিছু সুবিধা পাওয়া যাবে না।
হোয়াটসঅ্যাপ জানিয়েছে, নতুন নিয়ন্ত্রণগুলো ধাপে ধাপে আরও সম্প্রসারণ করা হবে এবং পরিবারগুলোর মতামতের ভিত্তিতে ভবিষ্যতে নতুন সুবিধা যুক্ত করা হবে। প্রতিষ্ঠানটির লক্ষ্য, অভিভাবকেরা যেন কিশোরের ব্যক্তিগত কথোপকরণে হস্তক্ষেপ না করেও হোয়াটসঅ্যাপ ব্যবহারের বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিতে পারেন।
এর আগে প্রি-টিনদের জন্য অভিভাবক-নিয়ন্ত্রিত অ্যাকাউন্ট চালু করেছিল হোয়াটসঅ্যাপ। ওই ব্যবস্থায় অভিভাবকেরা কারা শিশুর সঙ্গে যোগাযোগ করতে পারবে, কোন গ্রুপে সে যোগ দিতে পারবে এবং অপরিচিত ব্যক্তির বার্তার অনুরোধ পর্যালোচনার মতো বিষয় নিয়ন্ত্রণ করতে পারতেন। নতুন উদ্যোগের মাধ্যমে সেই নিয়ন্ত্রণের পরিধি কিশোরদের অ্যাকাউন্টেও বাড়ানো হলো।
তবে অভিভাবকীয় নিয়ন্ত্রণ চালু করলেও কিশোরের ব্যক্তিগত বার্তা ও কল অভিভাবকেরা দেখতে বা শুনতে পারবেন না। হোয়াটসঅ্যাপ জানিয়েছে, এসব যোগাযোগ প্রান্ত-থেকে-প্রান্ত এনক্রিপশন বা প্রান্ত-থেকে-প্রান্ত সংকেতায়ন প্রযুক্তির মাধ্যমে সুরক্ষিত থাকবে।
অর্থাৎ চ্যাটের বাইরে থাকা কেউ, এমনকি হোয়াটসঅ্যাপও, ব্যক্তিগত বার্তা বা কলের বিষয়বস্তু দেখতে বা শুনতে পারবে না।
হোয়াটসঅ্যাপ বলছে, অভিভাবকেরা প্রয়োজন অনুযায়ী নিয়ন্ত্রণগুলো পরিবর্তন কিংবা পুরোপুরি বন্ধ করতে পারবেন। সুবিধাগুলো ধীরে ধীরে চালু করা হচ্ছে, ফলে সব অঞ্চলের ব্যবহারকারীরা একই সময়ে এগুলো নাও পেতে পারেন।
সূত্র: হোয়াটসঅ্যাপ অফিসিয়াল













