ব্যবসায়িক অ্যাপ ব্যবহারের সুবিধা
ছোট ব্যবসার জন্য নতুন এআই সুবিধা আনল গুগল
টেকস্ক্রল নেটওয়ার্ক
প্রকাশ: ১৫:০৫, ২২ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৫:২৯, ২২ অক্টোবর ২০২৬
ছোট ব্যবসার জন্য নতুন এআই সুবিধা আনল গুগল
ছোট ব্যবসার জন্য জেমিনিতে আলাদা একটি ব্যবসায়িক পেজ চালু করছে গুগল। এতে উদ্যোক্তারা এক জায়গা থেকে বিপণনসামগ্রী তৈরি, আর্থিক তথ্য বিশ্লেষণ এবং বিভিন্ন ব্যবসায়িক কাজ পরিচালনা করতে পারবেন। পাশাপাশি ব্র্যান্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছবি তৈরির সুবিধা ও বিভিন্ন অ্যাপের সঙ্গে সংযোগও বাড়ানো হচ্ছে।
গুগলের লক্ষ্য, দৈনন্দিন কাজ সহজ করে উদ্যোক্তাদের সময় বাঁচানো, যাতে তারা আধুনিক পণ্য তৈরি ও ব্যবসার প্রসারে বেশি মনোযোগ দিতে পারেন।
নতুন পেজে ব্যবসায়ীরা ব্র্যান্ডের পরিচিতি তৈরি, ব্যবসার কার্যক্রম মূল্যায়ন, গ্রাহকের চাহিদা বোঝা এবং সাম্প্রতিক প্রবণতা পর্যবেক্ষণের মতো কাজ করতে পারবেন।
গুগলের নিজস্ব সেবা গুগল ওয়ার্কস্পেস, গুগল অ্যাডস ও গুগল বিজনেস প্রোফাইলের পাশাপাশি ড্রপবক্স, ক্যানভা, জেরো, শপিফাই, অ্যাডোবি, উইক্স ও জোহোর মতো তৃতীয় পক্ষের অ্যাপের সঙ্গেও জেমিনির সংযোগ সুবিধা বাড়ানো হচ্ছে।
ছবি তৈরির ক্ষেত্রে ব্যবসায়ীরা নিজেদের ওয়েবসাইট, ব্র্যান্ড কিট, ফন্ট ও রঙের ধরন সম্পর্কে তথ্য দিতে পারবেন। এসব তথ্যের ভিত্তিতে জেমিনি ব্র্যান্ডের নকশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ পণ্যের ছবি, বিজ্ঞাপনের গ্রাফিক্স ও প্রচারণার উপকরণ তৈরি করতে পারবে।
এ কাজে গুগলের ছবি তৈরির মডেল ন্যানো বানানা ২.১ ন্যানো বানানা (Nano Banana 2.1) ব্যবহার করা হবে। ব্র্যান্ডের দৃশ্যগত বৈশিষ্ট্য বুঝে নেওয়ার পর পরবর্তী ছবিতেও একই ধরন বজায় রাখতে পারবে জেমিনি। ফলে প্রতিবার নতুন করে একই নির্দেশনা দেওয়ার প্রয়োজন কমবে।
আর্থিক তথ্য বিশ্লেষণের সুবিধায় স্প্রেডশিট, রসিদ, কেনাকাটার হিসাব ও চালানের মতো নথি থেকে চার্ট ও ইন্টারঅ্যাকটিভ মডেল তৈরি করা যাবে। এতে সহজবোধ্য সারসংক্ষেপ ও চিত্রের মাধ্যমে ব্যবসার আর্থিক অবস্থা বোঝা সহজ হবে।
পাশাপাশি কোন খাতে বেশি ব্যয় হচ্ছে এবং কোথায় আরও নজর দেওয়া প্রয়োজন, সে সম্পর্কেও ধারণা পাওয়া যাবে। তবে গুরুত্বপূর্ণ আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে মূল তথ্য যাচাই করে নেওয়া জরুরি।
গুগল জানিয়েছে, নতুন ব্যবসায়িক পেজ, বিপণন ও আর্থিক বিশ্লেষণের সুবিধা বিশ্বজুড়ে পর্যায়ক্রমে চালু করা হবে। ফলে সব ব্যবহারকারী একই সময়ে এসব সুবিধা নাও পেতে পারেন।
বড় প্রতিষ্ঠানগুলোর জন্যও গুগল জেমিনি এন্টারপ্রাইজের সুবিধা তুলে ধরছে। এতে কেন্দ্রীয় প্রশাসনিক নিয়ন্ত্রণ, উন্নত নিরাপত্তা ও তথ্য ব্যবস্থাপনার ব্যবস্থা রয়েছে।
নতুন সুবিধাগুলোর মাধ্যমে ছোট ব্যবসায়িদের বিপণন, আর্থিক বিশ্লেষণ ও দৈনন্দিন কাজ পরিচালনায় এআইয়ের ব্যবহার সহজ করতে চায় গুগল।
সূত্র: গুগল ব্লগ













