ড্রাইভ-ওয়ালেটের তথ্য ব্যবহার করে উত্তর দেবে গুগলের এআই
প্রকাশ: ১৩:৪০, ২৪ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৫:১৯, ২৪ নভেম্বর ২০২৬
ড্রাইভ-ওয়ালেটের তথ্য ব্যবহার করে উত্তর দেবে গুগলের এআই
ব্যবহারকারী কী খুঁজছেন, কী নিয়ে কাজ করছেন কিংবা কোথায় অর্থ ব্যয় করছেন এসব তথ্য বিবেচনায় নিয়ে আরও প্রাসঙ্গিক উত্তর দেওয়ার সুবিধা আনছে গুগল। সার্চের এআই মোডে (AI Mode) যুক্ত হচ্ছে গুগল ওয়ালেট, গুগল ড্রাইভ ও জেমিনি অ্যাপ। ফলে এসব অ্যাপে থাকা তথ্যের ভিত্তিতে ব্যবহারকারীর প্রয়োজন বুঝে উত্তর দিতে পারবে গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)।
২৩ নভেম্বর এ সুবিধার ঘোষণা দিয়েছে গুগল। প্রতিষ্ঠানটি জানিয়েছে, শুরুতে এআই মোডে গুগল ওয়ালেট যুক্ত করার সুযোগ চালু হচ্ছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে গুগল ড্রাইভ ও জেমিনি অ্যাপও যুক্ত করা হবে। এর আগে জিমেইল, গুগল ক্যালেন্ডার ও গুগল ফটোজের তথ্য ব্যবহারের সুবিধা চালু হয়েছিল।
গুগল ওয়ালেট সংযুক্ত করলে ব্যবহারকারীরা নিজেদের খরচের হিসাব বুঝতে এবং কোথায় ব্যয় কমানো যায়, সে বিষয়ে পরামর্শ পাবেন। এ ছাড়া ওয়ালেটে যুক্ত ক্রেডিট কার্ডের ক্যাশব্যাক, ভ্রমণ সুবিধা ও রিওয়ার্ড পয়েন্ট কীভাবে
বেশি কাজে লাগানো যায়, তা নিয়েও পরামর্শ দেবে এআই। তবে এ সুবিধার মাধ্যমে ব্যবহারকারীর অর্থের ওপর নিয়ন্ত্রণ পাবে না গুগলের এআই। ওয়ালেটের সঙ্গে সংযোগ থাকলেও এআই শুধু অ্যাকাউন্টের তথ্য পড়তে পারবে। অর্থ স্থানান্তর, পরিচালনা কিংবা বিনিয়োগ করার সুযোগ থাকবে না।
গুগল ড্রাইভ যুক্ত হলে ব্যবহারকারীর সংরক্ষিত ডকুমেন্ট, স্প্রেডশিট ও পিডিএফ ফাইলের তথ্য কাজে লাগাতে পারবে এআই। অনেক সময় কোনো কাজের প্রয়োজনীয় তথ্য বিভিন্ন ফাইলে ছড়িয়ে থাকে। সেগুলো একসঙ্গে বিবেচনা করে প্রকল্পের পরিকল্পনা তৈরি কিংবা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে সহায়তা করবে এআই। যেমন, কর জমা দেওয়ার মৌসুমে প্রয়োজনীয় নথি ও তথ্যের ভিত্তিতে প্রস্তুতির পরিকল্পনা সাজিয়ে দিতে পারবে।
জেমিনি অ্যাপ যুক্ত হলে সার্চ ও জেমিনির মধ্যে কথোপকথনের তথ্যের ধারাবাহিকতা বজায় থাকবে। অর্থাৎ, জেমিনি অ্যাপে কোনো বিষয়ে আলোচনা বা গবেষণা শুরু করার পর একই বিষয় নিয়ে গুগল সার্চের এআই মোডে গেলে আগের তথ্য আবার ব্যাখ্যা করতে হবে না। দুই জায়গার কথোপকথনের প্রাসঙ্গিক তথ্য কাজে লাগিয়ে উত্তর দিতে পারবে এআই।
এ সুবিধা চালু করতে ব্যবহারকারীকে নিজেই অ্যাপগুলো সংযুক্ত করতে হবে। এ জন্য গুগল সার্চের পারসোনালাইজেশন সেটিংসে গিয়ে ‘কানেক্টেড অ্যাপস’ অপশন থেকে পছন্দের অ্যাপ নির্বাচন করতে হবে। চাইলে যেকোনো সময় এসব অ্যাপের সংযোগ বন্ধও করা যাবে।
রবি নিয়ে এলো ইনস্টাগ্রাম বেসিক মোড
ব্যক্তিগত তথ্য ব্যবহারের বিষয়টি আরও স্বচ্ছ করতে এআই মোডের উত্তরের নিচে ‘পারসোনালাইজেশন’ আইকন যুক্ত করার পরিকল্পনাও জানিয়েছে গুগল। এর মাধ্যমে কোনো উত্তর তৈরির সময় এআই কোন তথ্য ব্যবহার করেছে, তা দেখতে পারবেন ব্যবহারকারীরা। তথ্যের কোনো পরিবর্তন প্রয়োজন হলে কথোপকথনের মধ্যেই নির্দেশ দেওয়া যাবে।
এদিকে ব্যবহারকারীর সাম্প্রতিক সার্চের ইতিহাস বিবেচনায় নিয়ে এআই ওভারভিউ ও এআই মোডে উত্তর আরও ব্যক্তিগত করার উদ্যোগ নিয়েছে গুগল। যেমন, কেউ ভ্রমণের পরিকল্পনা নিয়ে কয়েক দিন ধরে তথ্য খুঁজলে নতুন করে সার্চ করার সময় আগের অনুসন্ধানের বিষয়গুলো বিবেচনায় নেওয়া হবে। ফলে একই তথ্য বারবার জানাতে হবে না।
গুগলের ভাষ্য, সার্চে ব্যক্তিগত তথ্য যুক্ত করার উদ্দেশ্য হলো ব্যবহারকারীর প্রয়োজন অনুযায়ী আরও কাজে লাগার মতো উত্তর দেওয়া। তবে কোন অ্যাপের তথ্য এআই ব্যবহার করবে, তা নির্ধারণের সুযোগ ব্যবহারকারীর হাতেই থাকছে। চাইলে সার্চ সেটিংস থেকে ব্যক্তিগতকরণ বন্ধও করা যাবে।
স্বয়ংক্রিয় প্রযুক্তিতে কৌশল বদলাচ্ছে সাইবার অপরাধীরা
তথ্যসূত্র: গুগল ব্লগ













