মহাকাশে এআই ডেটা সেন্টার স্থাপনের অনুমোদন পেল স্পেসএক্স
টেকস্ক্রল নেটওয়ার্ক
প্রকাশ: ১৩:৫০, ২৬ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৫:১৭, ২৬ নভেম্বর ২০২৬
মহাকাশে এআই ডেটা সেন্টার স্থাপনের অনুমোদন পেল স্পেসএক্স
মহাকাশে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ডেটা সেন্টার স্থাপনের অনুমোদন পেয়েছে ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্স। পৃথিবীর কক্ষপথে সর্বোচ্চ ১০ লাখ স্যাটেলাইট স্থাপন ও পরিচালনার অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশনস কমিশন (এফসিসি)। বুধবার (২৫ নভেম্বর) দেওয়া এ অনুমোদন মহাকাশে এআই অবকাঠামো তৈরির পথে স্পেসএক্সের জন্য বড় অগ্রগতি।
তবে এ সিদ্ধান্ত নিয়ে আপত্তি জানিয়েছে অ্যামাজন, ভিয়াস্যাট ও আমেরিকান অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি। তাদের আশঙ্কা, এত বিপুলসংখ্যক স্যাটেলাইট কক্ষপথে পাঠানো হলে মহাকাশের আবর্জনা ও যানজট বাড়বে। পাশাপাশি বেতার যোগাযোগে বিঘ্ন এবং পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে।
স্পেসএক্সের স্টারলিংক সেবার প্রতিদ্বন্দ্বী স্যাটেলাইট নেটওয়ার্ক তৈরি করছে অ্যামাজন। প্রতিষ্ঠানটি এফসিসির কাছে দেওয়া আপত্তিতে বলেছে, স্পেসএক্সের আবেদনে প্রকল্প বাস্তবায়নের প্রয়োজনীয় অনেক তথ্য নেই। তাদের মতে, এটি বাস্তব পরিকল্পনার তুলনায় উচ্চাভিলাষী ঘোষণা। একই সঙ্গে এ উদ্যোগ থেকে বড় ধরনের ক্ষতির আশঙ্কাও জানিয়েছে অ্যামাজন।
বিরোধীদের কয়েকটি আপত্তি অবশ্য আমলে নেয়নি এফসিসি। বৈজ্ঞানিক গবেষণার সম্ভাব্য ক্ষতির বিষয়টি খারিজ করে সংস্থাটি জানিয়েছে, এ ধরনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া তাদের নিয়ন্ত্রক এখতিয়ারের মধ্যে পড়ে না।
এফসিসির চেয়ারম্যান ব্রেন্ডন কার বলেছেন, এ সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের প্রযুক্তিগত নেতৃত্ব ও অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য প্রয়োজনীয় কম্পিউটিং অবকাঠামো তৈরিতে নতুন সুযোগ তৈরি করবে। এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এফসিসির চেয়ারম্যানকে ধন্যবাদ জানিয়েছেন ইলন মাস্ক। তাঁর মতে, এ প্রকল্প যুক্তরাষ্ট্রের পাশাপাশি বিশ্বের জন্যও গুরুত্বপূর্ণ সম্পদ হয়ে উঠবে।
তবে অনুমোদন পাওয়ার অর্থ এই নয় যে শিগগিরই মহাকাশে এআই ডেটা সেন্টারের কার্যক্রম শুরু হচ্ছে। প্রকল্পটি বাস্তবায়নে বেশ কিছু বড় চ্যালেঞ্জ রয়েছে। স্যাটেলাইট তৈরি ও উৎক্ষেপণের খরচ কমানো, মহাকাশে কম্পিউটার প্রসেসরের তাপ নিয়ন্ত্রণ এবং স্যাটেলাইটে ব্যবহারের জন্য প্রয়োজনীয় চিপের অর্থায়ন নিশ্চিত করা এর মধ্যে অন্যতম।
এ ছাড়া স্যাটেলাইটের মেয়াদ শেষ হলে সেগুলোর ব্যবস্থাপনা নিয়েও স্পেসএক্সকে এফসিসির কাছ থেকে আরও অনুমোদন নিতে হবে। বিশেষ করে ৬০০ কিলোমিটারের বেশি উচ্চতায় থাকা স্যাটেলাইটের মহাকাশের আবর্জনা ব্যবস্থাপনা পরিকল্পনা এখনো চূড়ান্তভাবে অনুমোদিত হয়নি।
যুক্তরাজ্যে অনলাইনে গাড়ি বিক্রি করবে অ্যামাজন
বর্তমান নিয়ম অনুযায়ী, ২ হাজার কিলোমিটারের নিচে থাকা স্যাটেলাইটের কার্যক্রম শেষ হওয়ার পাঁচ বছরের মধ্যে সেগুলোকে পৃথিবীর বায়ুমণ্ডলে ফিরিয়ে আনতে হয়। তবে এ নিয়ম থেকে ছাড় চেয়েছে স্পেসএক্স। প্রতিষ্ঠানটি কিছু অবসরে যাওয়া স্যাটেলাইট পৃথিবীর অন্য কক্ষপথে কিংবা সূর্যকে কেন্দ্র করে কক্ষপথে সরিয়ে নেওয়ার পরিকল্পনা করছে।
স্পেসএক্সের পরিকল্পনায় এ স্যাটেলাইট নেটওয়ার্কের নাম ‘স্টারমাইন্ড’ (Starmind)। পৃথিবী থেকে ৫০০ থেকে ১ হাজার ২ কিলোমিটার উচ্চতায় এগুলো স্থাপন করা হবে। স্যাটেলাইটগুলো মূলত লেজার প্রযুক্তির মাধ্যমে নিজেদের মধ্যে এবং স্টারলিংক নেটওয়ার্কের সঙ্গে তথ্য আদান-প্রদান করবে। মূল যোগাযোগব্যবস্থা অচল হলে বিকল্প হিসেবে বেতার তরঙ্গ ব্যবহার করে পৃথিবী থেকে এগুলো নিয়ন্ত্রণ করা যাবে।
এফসিসির অনুমোদন অনুযায়ী, প্রথম কার্যকর স্যাটেলাইট কক্ষপথে পাঠাতে স্পেসএক্স সাত বছর সময় পাবে। আর পুরো নেটওয়ার্ক স্থাপনের জন্য সময় দেওয়া হয়েছে ১৪ বছর। ফলে মহাকাশে এআই ডেটা সেন্টার গড়ার পরিকল্পনা বাস্তবে রূপ নিতে আরও কয়েক বছর অপেক্ষা করতে হবে।
কোডিং ছাড়াই গেম তৈরি সুযোগ দিচ্ছে গুগল
সূত্র: টেকক্রাঞ্চ













