উল্টো চাপ বাড়ছে মানুষের
এআই কি কাজের চাপ কমাচ্ছে? এ ধারণা ভুল প্রমাণ করছে একটি জরিপ
টেক স্ক্রল
প্রকাশ: ১৫:৩০, ২২ মার্চ ২০২৬
এআই ব্যবহারে বাড়ছে কাজের চাপ
এআই প্রযুক্তির ব্যবহার কাজকে সহজ করছে-এ ধারণার উল্টো তথ্য দিচ্ছে সাম্প্রতিক একটি জরিপ। এই জরিপ পরিচালিত হয়েছে যুক্তরাজ্যের দুই হাজার ব্যক্তির ওপর। এটি পরিচালনা করেছে জরিপ সংস্থা ইউগভ এবং উদ্যোগটি ছিলো প্রযুক্তিনির্ভর বিমা প্রতিষ্ঠান ইউলাইফের।
জরিপে অংশগ্রহণকারী অনেকের মতে, কাজ দ্রুত শেষ করার সুযোগ তৈরি হলেও, চাপ কমার বদলে বেড়েই চলেছে। প্রতি চারজন কর্মীর একজনের এই মত। অনেকের ধারণা, এসব প্রযুক্তি ব্যবহারের ফলে নিয়োগকর্তাদের প্রত্যাশা বেড়ে গেছে এবং কর্মীদের কাছ থেকে আগের চেয়ে বেশি কাজ আদায়ের চিন্তা তৈরি হচ্ছে। জরিপে দেখা গেছে, এআই হোয়াইট কলার কাজের ধরনে পরিবর্তন আনছে। তবে এই পরিবর্তন কর্মীদের প্রত্যাশার সঙ্গে মিলছে না। এক–তৃতীয়াংশ মানুষের আশঙ্কা, পাঁচ বছরের মধ্যে এআই প্রযুক্তির কারণে তাদের চাকরি ঝুঁকির মুখে পড়তে পারে।
ইলেকট্রনিক বর্জ্য থেকে সোনা বের করার নতুন পদ্ধতি আবিষ্কার
যারা নিয়মিত এআই টুল ব্যবহার করেন, তাদের মধ্যে ২৩ শতাংশ জানিয়েছেন, এ প্রযুক্তির কারণে তাদের কাজের পরিমাণ বেড়েছে। আরও দেখা গেছে, এআই ব্যবহারের ফলে অনেক প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা বাড়ছে এবং আয় বৃদ্ধি পাচ্ছে। তবে অংশগ্রহণকারীদের প্রতি তিনজনের একজন অর্থাৎ ৩৫ শতাংশ মনে করেন, বাড়তি আয়ের সুফল কর্মীদের কল্যাণ বা দক্ষতা উন্নয়নে ব্যয় হবে না। বিশেষজ্ঞদের মতে, এআই ব্যবহারের ফলে কর্মীরা অনেক কাজ দ্রুত শেষ করতে পারছেন, কিন্তু এর ফলে কাজের গতি ও প্রত্যাশা দুটিই বাড়ছে। এতে কর্মীদের ওপর অতিরিক্ত চাপের আশঙ্কাও বাড়ছে।
টিভির সেই রোবোকপ কি সত্যি হতে যাচ্ছে?
এআই এবং কর্মক্ষেত্রের বিভিন্ন সমস্যা নিয়ে কাজ করেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক ফাবিয়ান স্টিফানি। তার মতে, এআইয়ের ব্যবহার একধরনের বিদ্রূপের মতো অবস্থা তৈরি করছে। এই প্রযুক্তির সহায়তায় দ্রুত কাজ শেষ করা যাচ্ছে, কিন্তু সে কারণেই অনেক ক্ষেত্রে কাজের পরিমাণও বেড়ে যাচ্ছে। একই প্রবণতার কথা বলেছেন ক্যারিয়ার কোচ কেলি সুইংলারও। তার মতে, অনেকের ক্ষেত্রে এআই কাজের নতুন বোঝা তৈরি করছে। কর্মীদের কাছ থেকে এখন আরও দ্রুত সাড়া দেয়া এবং সব সময় প্রস্তুত থাকার আশা বাড়ছে মালিকপক্ষের
গবেষণা প্রতিষ্ঠান বার্কলি প্রমাণ পেয়েছে, এআই ব্যবহারের কারণে অনেক কর্মীকে আগের চেয়ে বেশি সময় এবং আরও মনোযোগের সাথে কাজ করতে হচ্ছে। এআই চ্যাটবটের সাহায্যে অনেক কাজ দ্রুত করার ফলে কর্মীদের যে সময় বেঁচে যাচ্ছে, তা কাজে লাগাতে অন্য প্রকল্পে যুক্ত করা হচ্ছে তাদের।
সূত্র: ডেইলি মেইল













