সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

| ৭ অগ্রাহায়ণ ১৪৩৩

অ্যাপ বন্ধ রাখলেও কাজ চলবে

মেটার এআই এজেন্ট মিউজ উন্মুক্ত, কাজ করবে নিজে নিজেই

টেক স্ক্রল

প্রকাশ: ১৫:১০, ৯ সেপ্টেম্বর ২০২৬

মেটার এআই এজেন্ট মিউজ উন্মুক্ত, কাজ করবে নিজে নিজেই

ব্যবহারকারীর হয়ে বাস্তব কাজ করে দেবে-এমন এআই এজেন্ট চালু করেছে মেটা। নাম দেয়া হয়েছে মিউজ। ই-মেইল পাঠানো, হোটেল বুকিং, অনলাইন কেনাকাটা, ফর্ম পূরণ কিংবা বিভিন্ন পরিকল্পনা তৈরির মতো কাজ নিজে থেকেই করতে পারবে এই এজেন্ট।

গত মঙ্গলবার মিউজ উন্মোচনের ঘোষণা দেয়া হয়। ব্যবহারকারীরা আইওএস, অ্যান্ড্রয়েড, ওয়েব এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে এটি ব্যবহার করতে পারবেন। ভবিষ্যতে স্মার্ট চশমাতেও মিউজ যুক্ত করার চিন্তা আছে মেটার।

শুধু উত্তর নয়, কাজও করবে

এখনকার বেশিরভাগ এআই চ্যাটবট ব্যবহারকারীর প্রশ্নের উত্তর কিংবা প্রয়োজনীয় তথ্য খুঁজে দেয়ার মধ্যেই সীমাবদ্ধ। মিউজের ক্ষেত্রে এ ধারণা বদলাতে চাইছে সোশ্যাল মিডিয়া জায়ান্ট মেটা। ব্যবহারকারী শুধু কী করতে হবে জানালেই, মিউজ প্রয়োজনীয় ধাপগুলো নিজ থেকে সম্পন্ন করার চেষ্টা করবে। এটি ওয়েব ব্রাউজ, ফর্ম পূরণের পাশাপাশি প্রয়োজন অনুযায়ী বিভিন্ন সেবার সঙ্গে যোগাযোগ করতে পারবে। কেউ ঘুরতে যেতে চাইলে মিউজ ভ্রমণ-পরিকল্পনা তৈরি করে দেবে। কোনো পণ্য কেনার প্রয়োজন হলে কেনাকাটার প্রক্রিয়াতেও সাহায্য করবে। এছাড়া, দীর্ঘমেয়াদি কোনো লক্ষ্যকে ধাপে ধাপে পরিকল্পনায় রূপ দিয়ে সেটি বাস্তবায়নের কাজও চালিয়ে যাবে।

 উসাইনের রেকর্ড ভেঙেছে চীনা রোবট

ইনস্টাগ্রামের রেসিপি থেকে তৈরি করবে বাজারের তালিকা

মিউজের অন্যতম আকর্ষণীয় দিক হলো, এটি ব্যবহারকারীর আগের তথ্য ও পছন্দ মনে রাখতে পারে। মেটার উদাহরণ অনুযায়ী, কেউ ইনস্টাগ্রামে কোনো রান্নার রেসিপির রিল সংরক্ষণ করে রাখলে মিউজ সেটি শনাক্ত করে প্রয়োজনীয় উপকরণের তালিকা তৈরি করতে পারে। একইভাবে কোনো অনুষ্ঠানের পরিকল্পনা করলে অতিথিদের পছন্দ-অপছন্দ বিবেচনায় নিয়ে মেনু সাজানো কিংবা আমন্ত্রণ পাঠানোর মতো কাজেও এটি সহায়তা করতে পারবে।

অ্যাপ বন্ধ করলেও কাজ চলবে

মিউজের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো, কোনো কাজ শুরু করার পর ব্যবহারকারী অ্যাপ থেকে বেরিয়ে গেলেও এটি কাজ চালিয়ে যেতে পারবে। কোনো পর্যায়ে ব্যবহারকারীর অনুমোদন প্রয়োজন হলে মিউজ তাকে জানাবে। বিশেষ করে ই-মেইল পাঠানো কিংবা কোনো পণ্যের মূল্য পরিশোধের আগে ব্যবহারকারীর অনুমতি নেয়ার ব্যবস্থা রাখা হয়েছে।

 ভিনদেশি ভাষা না বোঝার দিন শেষ

নিরাপত্তায় ‘সেন্টিনেল’

ব্যক্তিগত ই-মেইল, ক্যালেন্ডার, কেনাকাটা ও অন্যান্য সেবার সঙ্গে যুক্ত হওয়ার কারণে মিউজের ক্ষেত্রে নিরাপত্তা ও গোপনীয়তা বড় বিষয়। এ কারণে মেটা, মিউজ সিকিউর ভিএম নামে আলাদা একটি নিরাপদ ভার্চুয়াল কম্পিউটিং পরিবেশ তৈরি করেছে।

এর পাশাপাশি সেন্টিনেল নামে আলাদা একটি এআই ব্যবস্থা মিউজের কার্যক্রম পর্যবেক্ষণ করবে। মেটার দাবি, মিউজ ইন্টারনেটে কোনো কাজ করার আগে সেন্টিনেল সেটি অনুমোদন করবে এবং প্রয়োজন হলে ব্যবহারকারীর কাছ থেকেও অনুমতি চাইবে।

মেটা আরও জানিয়েছে, ব্যবহারকারীর পাসওয়ার্ড ও পেমেন্ট তথ্য সরাসরি মিউজের দেখার সুযোগ নেই। ব্যবহারকারী চাইলে কোন কোন অ্যাপ বা সেবার সঙ্গে মিউজ যুক্ত হবে এবং কী ধরনের অনুমতি পাবে, সেটিও নিয়ন্ত্রণ করতে পারবেন।

নিরাপত্তা নিয়ে প্রশ্নও রয়েছে

তবে মিউজের মতো স্বয়ংক্রিয় এআই এজেন্ট নিয়ে নিরাপত্তা ও গোপনীয়তার প্রশ্নও রয়েছে। মেটার অভ্যন্তরীণ পরীক্ষায় মিউজের কিছু নির্ভরযোগ্যতা ও নিরাপত্তা সমস্যা ধরা পড়েছিল বলে রয়টার্স জানিয়েছে। এসব কারণেই এর আগে মিউজের উন্মোচন পিছিয়ে দেয়া হয়েছিল। মেটা বলছে, এসব সমস্যা মোকাবিলায় নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করা হয়েছে।

জাকারবার্গের পার্সোনাল সুপারইন্টেলিজেন্স পরিকল্পনা

মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ দীর্ঘদিন ধরে এমন এআই তৈরির কথা বলে আসছেন, যা শুধু তথ্য দেবে না, মানুষের হয়ে বাস্তব কাজও করতে পারবে। মিউজ সেই বৃহত্তর পরিকল্পনারই গুরুত্বপূর্ণ অংশ। মেটার ভাষায়, ভবিষ্যতের ব্যক্তিগত এআই মানুষের দৈনন্দিন জীবনের বিভিন্ন কাজ নিজের কাঁধে তুলে নিতে পারবে।

আপাতত যুক্তরাষ্ট্রে

মিউজ বর্তমানে যুক্তরাষ্ট্রে চালু হয়েছে। অধিকাংশ সাধারণ ব্যবহারের জন্য বিনামূল্যের সুবিধা থাকলেও বেশি ব্যবহারের জন্য সাবস্ক্রিপশন পরিকল্পনা রয়েছে। ভবিষ্যতে মেটার স্মার্ট চশমাতেও মিউজ যুক্ত হওয়ার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।

 

এ সম্পর্কিত খবর
আরও পড়ুন