ভিডিও ক্লিপ তৈরির সুবিধা আনল এক্স, আয়ের সুযোগ নির্মাতাদের
টেকস্ক্রল নেটওয়ার্ক
প্রকাশ: ১৩:৪৩, ১১ নভেম্বর ২০২৬
ভিডিও ক্লিপ তৈরির সুবিধা আনল এক্স, আয়ের সুযোগ নির্মাতাদের
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ভিডিও থেকে ছোট ক্লিপ তৈরির নতুন সুবিধা চালু হয়েছে। এখন থেকে প্ল্যাটফর্মে থাকা দীর্ঘ ভিডিওর পছন্দের অংশ কেটে আলাদা ক্লিপ হিসেবে প্রকাশ করতে পারবেন ব্যবহারকারীরা। এতে কনটেন্ট নির্মাতাদের পাশাপাশি যাঁরা ক্লিপ তৈরি ও প্রকাশ করবেন, তাঁরাও আয়ের সুযোগ পাবেন।
গেল মঙ্গলবার (১০ নভেম্বর) নতুন এ ফিচারের ঘোষণা দেয় ইলন মাস্কের মালিকানাধীন এক্স। প্রতিষ্ঠানটির দাবি, ব্যবহারকারীরা যেকোনো ভিডিও থেকে পছন্দের মুহূর্ত বেছে নিয়ে সেটি সম্পাদনা করতে পারবেন। চাইলে ক্লিপের সঙ্গে নিজের বক্তব্য বা মতামতও যোগ করা যাবে। পুরো কাজটি করা যাবে এক্সের ভেতরেই।
দীর্ঘ ভিডিওর গুরুত্বপূর্ণ বা আকর্ষণীয় অংশ কেটে ছোট ভিডিও তৈরির এ পদ্ধতি ‘ক্লিপিং’ নামে পরিচিত। টিকটক, ইনস্টাগ্রাম রিলস ও ইউটিউব শর্টসের জনপ্রিয়তার কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের ভিডিওর ব্যবহার বেড়েছে। অল্প সময়ে দর্শকের মনোযোগ আকর্ষণ করা এবং বেশি মানুষের কাছে পৌঁছানোর জন্য ইনফ্লুয়েন্সার ও কনটেন্ট নির্মাতারা নিয়মিত ক্লিপ প্রকাশ করেন।
এক্সের নতুন ফিচারে তৈরি প্রতিটি ভিডিওর সঙ্গে ‘ক্লিপ ফ্রম’ নামে একটি পরিচিতি থাকবে। সেখানে যুক্ত থাকবে মূল ভিডিওর লিংক। ফলে দর্শকেরা ক্লিপ দেখার পর চাইলে পুরো ভিডিওতে যেতে পারবেন। এতে মূল ভিডিওর নির্মাতার পরিচিতি ও অন্যান্য কনটেন্টও দর্শকের কাছে পৌঁছানোর সুযোগ তৈরি হবে।
নতুন ফিচারটির আরেকটি দিক হলো আয় ভাগাভাগি। এক্স জানিয়েছে, মূল ভিডিওর নির্মাতা এবং ক্লিপ তৈরি করে প্রকাশকারী দুজনই ক্লিপের ভিউ থেকে আয় করতে পারবেন। এ জন্য ব্যবহার করতে হবে প্ল্যাটফর্মটির ‘অরিজিনাল কনটেন্ট রিওয়ার্ডস’ কর্মসূচি। তবে এ সুবিধা সবার জন্য নয়। আয় করতে হলে নির্মাতাদের কর্মসূচির নির্ধারিত যোগ্যতা পূরণ করতে হবে। দর্শকের সম্পৃক্ততার নির্দিষ্ট শর্ত অনুযায়ী অর্থ দেওয়া হয় এ কর্মসূচিতে।
এত দিন অনেক ইনফ্লুয়েন্সার তাঁদের দীর্ঘ ভিডিও থেকে ছোট ক্লিপ তৈরির জন্য বিশেষায়িত প্রতিষ্ঠানের সহায়তা নিতেন। বড় কোম্পানিগুলোও পণ্য ও সেবার প্রচারে এসব প্রতিষ্ঠানের সাহায্যে ক্লিপ তৈরি করাচ্ছে। এমনকি রাজনৈতিক প্রচারের কাজেও ভিডিও ক্লিপের ব্যবহার বাড়ছে। এক্সের নতুন সুবিধার ফলে এ কাজ আরও সহজ হবে বলে ধারণা করা হচ্ছে।
কনটেন্ট নির্মাতাদের ধরে রাখতে গত কয়েক বছর ধরেই প্ল্যাটফর্মে নতুন সুবিধা যোগ করছে এক্স। ইউটিউবের সঙ্গে প্রতিযোগিতায় ২০২২ সালে টুইটার নামে থাকার সময় দীর্ঘ ভিডিও আপলোডের সুযোগ চালু করা হয়। পরে প্রিমিয়াম গ্রাহকদের জন্য দীর্ঘ নিবন্ধ ও ব্লগ প্রকাশের সুবিধাও যুক্ত হয়।
চলতি বছরেও এ উদ্যোগ অব্যাহত রেখেছে প্রতিষ্ঠানটি। গত মার্চে ‘এক্সক্লুসিভ থ্রেডস’ চালু করা হয়। এর মাধ্যমে নির্মাতারা তাঁদের থ্রেডের কিছু অংশ শুধু অর্থের বিনিময়ে সাবস্ক্রাইব করা অনুসারীদের দেখার সুযোগ দিতে পারেন। জুলাইয়ে চালু হয় লাইভস্ট্রিমিং স্টুডিও। একই সঙ্গে সরাসরি সম্প্রচার করেন এমন নির্মাতাদের উৎসাহ দিতে ১০ লাখ ডলারের পুরস্কার তহবিল ঘোষণা করে এক্স।
নতুন ক্লিপিং ফিচারের মাধ্যমে ভিডিও কনটেন্টের পরিমাণ বাড়ানোর পাশাপাশি নির্মাতা ও দর্শকদের আরও বেশি সময় প্ল্যাটফর্মে যুক্ত রাখতে চায় এক্স।
সূত্র: টেকক্রাঞ্চ













