মেটার নতুন ফিচার
মিউজ এআই এজেন্টে নতুন ফিচার স্পেসেস আনল মেটা
টেকস্ক্রল নেটওয়ার্ক
প্রকাশ: ১৪:০৬, ৭ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৬:০৩, ৭ নভেম্বর ২০২৬
মিউজ এআই এজেন্টে নতুন ফিচার ‘স্পেসেস’ আনল মেটা
মেটার কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) এজেন্ট ‘মিউজ’-এ নতুন ফিচার ‘স্পেসেস’ যুক্ত হয়েছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা নির্দিষ্ট কাজ বা প্রকল্পের জন্য আলাদা জায়গা তৈরি করে এআই এজেন্টের সঙ্গে পরিকল্পনা করতে পারবেন। পাশাপাশি বিভিন্ন কাজের অগ্রগতিও এক জায়গা থেকে দেখতে পারবেন।
মেটা জানিয়েছে, স্পেসেস মূলত বিষয় বা প্রকল্পভিত্তিক আলাদা কথোপকথনের জায়গা। মিউজের ইন্টারফেসের সাইডবারে এসব স্পেস দেখা যাবে। কোনো স্পেস খুললে আগের কথোপকথন পাওয়া যাবে। ফলে একটি নির্দিষ্ট কাজ নিয়ে মিউজের সঙ্গে আলোচনা ও পরিকল্পনা চালিয়ে যাওয়া সহজ হবে।
ধরা যাক, কেউ ছুটিতে কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা করছেন। এ জন্য আলাদা স্পেস তৈরি করে সেখানে ভ্রমণের পরিকল্পনা সাজাতে পারবেন। একইভাবে পারিবারিক অনুষ্ঠানের খাবারের তালিকা তৈরি, ছুটির উপহার কেনার হিসাব রাখা, বিয়ের আয়োজন কিংবা বাড়িতে নিজে করার মতো (ডিআইওয়াই) প্রকল্পের জন্যও স্পেস ব্যবহার করা যাবে।
শুধু কথোপকথন নয়, ব্যবহারকারীর দেওয়া ধারণা অনুযায়ী মিউজ ট্র্যাকার, পরিকল্পনা ব্যবস্থাপনার টুল কিংবা প্রকল্প পরিচালনার বোর্ডও তৈরি করতে পারবে। অর্থাৎ, চ্যাটে নিজের প্রয়োজন জানালেই মিউজ সেই অনুযায়ী কাজের কাঠামো সাজিয়ে দেবে।
স্পেসেসে তৃতীয় পক্ষের অ্যাপ ও বিভিন্ন তথ্য যুক্ত করার সুবিধাও থাকছে। এতে ব্যবহারকারীরা নিজেদের ব্যবহৃত অ্যাপ সংযুক্ত করলে সংশ্লিষ্ট তথ্য স্বয়ংক্রিয়ভাবে হালনাগাদ হবে। যেমন নতুন কনসার্টের তারিখ, কোনো পণ্যের দামের পরিবর্তন কিংবা সঞ্চয়ের অগ্রগতি জানতে বারবার মিউজকে প্রশ্ন করতে হবে না।
বিল বেশি দিয়েও ব্রডব্যান্ড ইন্টারনেটের গতি কম
শুক্রবার (৬ নভেম্বর) মেটার প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নতুন ফিচারটি নিয়ে পোস্ট করেন। তিনি জানান, স্পেসেস ব্যবহার করে তিনি বারবিকিউ গেম, বিভিন্ন অনুষ্ঠানের সময়সূচি রাখার ট্র্যাকার এবং বাড়ির বিভিন্ন ব্যবস্থা নিয়ন্ত্রণের ড্যাশবোর্ড তৈরি করেছেন। ব্যবহারকারীরা এই ফিচার দিয়ে কী তৈরি করেন, তা দেখার আগ্রহও প্রকাশ করেন তিনি।
গত অক্টোবরে মেটার আয়ের হিসাবসংক্রান্ত এক আলোচনায় জাকারবার্গ জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্র ও কানাডায় মিউজ এআই এজেন্টের ব্যবহারকারী ১ কোটি ছাড়িয়েছে। চালুর দুই মাসেরও কম সময়ে এ সংখ্যা অর্জন করে সেবাটি।
মিউজের ব্যবহার বাড়াতে গত এক সপ্তাহে দ্বিতীয় নতুন ফিচার চালু করল মেটা। এর আগে বৃহস্পতিবার ‘মিউজ ভয়েস’ নামে আরেকটি সুবিধা আনার ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি। এর মাধ্যমে ব্যবহারকারীরা নিজেদের মিউজ এআই অবতারের সঙ্গে ভিডিও কলে কথা বলতে এবং মুখে নির্দেশনা দিতে পারবেন।
বিজ্ঞাপনদাতাদের জন্য এআইনির্ভর নতুন সুবিধা আনল টিকটক
সূত্র: টেকক্রাঞ্চ













