খাবার মজুতের পরামর্শ
কোভিডের চেয়েও ভয়াবহ হতে পারে ২০২৭ সাল, এআই গবেষকের সতর্কবার্তা
টেকস্ক্রল
প্রকাশ: ১০:২২, ২৮ নভেম্বর ২০২৬ | আপডেট: ২০:৫৪, ২৮ নভেম্বর ২০২৬
এআই এর দ্রুত অগ্রগতি আগামী বছর বিশ্বে বড় ধরনের সংকট তৈরি করতে পারে বলে সতর্ক করেছেন এআই নিরাপত্তা গবেষক নিকোলা জুরকোভিচ। তার আশঙ্কা, ২০২৭ সালে এমন পরিস্থিতির সৃষ্টি হতে পারে, যার প্রভাব করোনা মহামারির চেয়ে আরও ভয়াবহ হতে পারে। নিজের পরিবারের সদস্যদেরও এমন পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে পরামর্শ দিয়েছেন তিনি।
নিকোলা জুরকোভিচ যুক্তরাষ্ট্রভিত্তিক অলাভজনক গবেষণা প্রতিষ্ঠান মডেল ইভ্যালুয়েশন অ্যান্ড থ্রেট রিসার্চের গবেষক। উন্নত এআই সিস্টেমের সক্ষমতা ও ঝুঁকি মূল্যায়ন নিয়ে কাজ করে এই প্রতিষ্ঠান।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে, পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনদের উদ্দেশে লেখা একটি খোলা চিঠি প্রকাশ করেন জুরকোভিচ। সেখানে তিনি জানান, বেশ কয়েক বছর ধরেই এআইয়ের সম্ভাব্য ঝুঁকি নিয়ে উদ্বিগ্ন তিনি। তবে বর্তমান পরিস্থিতিতে বিষয়টি নিয়ে প্রকাশ্যে সতর্ক করা নিজের দায়িত্ব বলে মনে করছেন। আশঙ্কা প্রকাশ করে বলেন, আগামী বছর একই সময়ে অনেক মানুষ বেঁচে থাকবে কিনা তা তিনি নিশ্চিত নন।
ড্রাইভ-ওয়ালেটের তথ্য ব্যবহার করে উত্তর দেবে গুগলের এআই
মানুষের নিয়ন্ত্রণ হারানোর আশঙ্কা
জুরকোভিচের মতে, এআই প্রযুক্তির উন্নয়নের গতি যেভাবে বাড়ছে, তাতে ভবিষ্যতে এর ওপর মানুষের নিয়ন্ত্রণ ধরে রাখা কঠিন হয়ে উঠতে পারে। তিনি দাবি করেন, চলতি বছরই এআই-সংশ্লিষ্ট বিভিন্ন ঘটনায় একাধিক প্রতিষ্ঠানের সিস্টেমে সাইবার হামলার ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত এসব ঘটনার ক্ষতি মূলত আর্থিক পর্যায়ে সীমাবদ্ধ থাকলেও ভবিষ্যতে পরিস্থিতি আরও গুরুতর হতে পারে।
তিনি যেসব ঝুঁকির কথা বলছেন, তার মধ্যে রয়েছে গুরুত্বপূর্ণ অবকাঠামোতে এআইয়ের অননুমোদিত প্রবেশ, ক্ষতিকর উদ্দেশ্যে এআই ব্যবহার করে জৈবিক অস্ত্র তৈরির চেষ্টা এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা মানুষের কাছ থেকে যন্ত্রের হাতে চলে যাওয়া। তার আশঙ্কা, এআই যদি নিজেই নিজের সক্ষমতা বাড়ানোর পর্যায়ে পৌঁছে যায়, তাহলে মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার ঝুঁকি তৈরি হতে পারে। যথাযথ নিয়ন্ত্রণ না থাকলে ২০২৭ সালেই এআই মানুষের বুদ্ধিবৃত্তিক সক্ষমতাকে ছাড়িয়ে যেতে পারে।
চাকরি ও অর্থনীতিতেও বড় পরিবর্তনের শঙ্কা
এআইয়ের ঝুঁকি শুধু মানুষের নিরাপত্তার মধ্যেই সীমাবদ্ধ নয় বলে মনে করেন জুরকোভিচ। তার মতে, আগামী এক দশকে বর্তমান সময়ের অনেক প্রচলিত চাকরি বিলুপ্ত হয়ে যেতে পারে। এতে বিশ্বের বিপুলসংখ্যক মানুষ কর্মসংস্থান হারানোর ঝুঁকিতে পড়বে।
এআইয়ের কারণে শিক্ষা, কর্মজীবন, পরিবার গঠনসহ মানুষের দীর্ঘমেয়াদি পরিকল্পনাও বড় ধরনের পরিবর্তনের মুখে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। জুরকোভিচের ব্যক্তিগত পূর্বাভাস অনুযায়ী, ২০২৭ সালের শেষ নাগাদ মানুষ স্বাভাবিকভাবে উৎসব ও ছুটি উদ্যাপন করতে পারবে না। তবে এগুলো তার ব্যক্তিগত ঝুঁকি মূল্যায়ন, প্রতিষ্ঠিত বৈজ্ঞানিক সম্ভাবনা বা নিশ্চিত ভবিষ্যদ্বাণী নয়।
দুই সপ্তাহের খাবার ও নগদ অর্থ রাখার পরামর্শ
সম্ভাব্য সংকট মোকাবিলায় নিজের পরিবারের সদস্যদের জন্য কিছু প্রস্তুতি রাখার পরামর্শ দিয়েছেন এই গবেষক। তার পরামর্শ, বাসায় অন্তত দুই সপ্তাহের খাবার ও পানির ব্যবস্থা রাখা এবং জরুরি প্রয়োজনে ব্যবহারের জন্য কিছু নগদ অর্থ সংরক্ষণ করা। বিশেষ করে ডিজিটাল ব্যাংকিং ও অনলাইন আর্থিক সেবা বিঘ্নিত হলে নগদ অর্থ কাজে আসতে পারে বলে মনে করেন তিনি।
এআই উন্নয়নে কঠোর আন্তর্জাতিক নিয়ন্ত্রণ চান
জুরকোভিচের মতে, পরিস্থিতি মোকাবিলার এখনো সুযোগ রয়েছে। তবে এর জন্য প্রয়োজন এআই উন্নয়নের প্রতিযোগিতায় আন্তর্জাতিক পর্যায়ে কঠোর নীতিমালা ও নিরাপত্তাব্যবস্থা চালু করা। উন্নত এআই তৈরির প্রতিযোগিতায় লাগাম টানা না গেলে ভবিষ্যতে এর পরিণতি সামাল দেয়া কঠিন হতে পারে বলেও মনে করেন তিনি। এ বিষয়ে নীতিনির্ধারকদের সচেতন করার পাশাপাশি এআই নিরাপত্তা গবেষণায় আরও বেশি বিজ্ঞানী, প্রকৌশলী ও অর্থনীতিবিদকে যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন জুরকোভিচ।
সূত্র: ইন্ডিয়া টুডে













