সরকারি এআই প্রশিক্ষণ
৬৪ জেলায় এআই প্রশিক্ষণের বাছাই পরীক্ষায় আবেদন ৫৭ হাজার
টেকস্ক্রল নেটওয়ার্ক
প্রকাশ: ১৫:০২, ২৮ নভেম্বর ২০২৬ | আপডেট: ২০:৫৩, ২৮ নভেম্বর ২০২৬
৬৪ জেলায় এআই প্রশিক্ষণের বাছাই পরীক্ষায় আবেদন ৫৭ হাজার
সরকারের এআই প্রশিক্ষণ কর্মসূচির তৃতীয় ব্যাচে ১ হাজার ৬০০ আসনের বিপরীতে আবেদন করেছেন প্রায় ৫৭ হাজার তরুণ-তরুণী। তাঁদের মধ্য থেকে প্রশিক্ষণার্থী বাছাইয়ে শনিবার (২৮ নভেম্বর) দেশের ৬৪ জেলায় একযোগে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। প্রতি আসনের বিপরীতে গড়ে প্রায় ৩৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে ঢাকায় প্রতিযোগিতা আরও বেশি। সেখানে ২৫টি আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে প্রায় ৮ হাজার ৫০০টি।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন অধিদপ্তরের বাস্তবায়নাধীন ‘তথ্যপ্রযুক্তি জ্ঞানসম্পন্ন যুবদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে দক্ষতা উন্নয়ন’ প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রকল্পটির প্রশিক্ষণ সহযোগী প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড।
প্রকল্পের তৃতীয় ব্যাচে দেশের ৬৪ জেলা থেকে ২৫ জন করে মোট ১ হাজার ৬০০ প্রশিক্ষণার্থী নেওয়া হবে। আবেদনকারীদের মধ্যে সবচেয়ে বেশি আগ্রহ দেখা গেছে ঢাকায়। জেলাটিতে মাত্র ২৫টি আসনের বিপরীতে আবেদন করেছেন প্রায় ৮ হাজার ৫০০ জন। ফলে প্রতি আসনের বিপরীতে সেখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রায় ৩৪০ জন।
সংশ্লিষ্টরা মনে করছেন, আধুনিক প্রযুক্তিতে দক্ষতা অর্জন, প্রযুক্তিনির্ভর কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে স্বাবলম্বী হওয়ার আগ্রহ থেকে তরুণদের মধ্যে এ প্রশিক্ষণ নিয়ে ব্যাপক সাড়া তৈরি হয়েছে। দেশজুড়ে বিপুলসংখ্যক আবেদন নতুন প্রজন্মের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা শেখার আগ্রহও তুলে ধরছে।
পরীক্ষা চলাকালে রাজধানীর কল্যাণপুরে ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. মাহফুজুল আলম খান। এ সময় যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালকসহ প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তাঁরা পরীক্ষাকেন্দ্রের পরিবেশ, আসনবিন্যাস ও পরীক্ষা পরিচালনার কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
দেশে ফিচার ফোন উৎপাদন বেড়েছে, কমেছে স্মার্টফোন উৎপাদন
প্রকাশিত সময়সূচি অনুযায়ী, লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে রোববার (২৯ নভেম্বর)। একই দিন চূড়ান্ত ফলাফল ও নির্বাচিত প্রশিক্ষণার্থীদের তালিকা প্রকাশের কথা রয়েছে। পরীক্ষার স্থান ও সময় প্রার্থীদের মোবাইল ফোনে খুদে বার্তার (এসএমএস) মাধ্যমে জানানো হবে। নির্বাচিত ১ হাজার ৬০০ প্রশিক্ষণার্থীকে নিয়ে আগামী ১ ডিসেম্বর থেকে তৃতীয় ব্যাচের প্রশিক্ষণ শুরু হওয়ার কথা রয়েছে।
দুই বছর মেয়াদি এ প্রকল্পের আওতায় পর্যায়ক্রমে দেশের মোট ১১ হাজার ২০০ তরুণ-তরুণীকে এআই প্রযুক্তিতে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা রয়েছে। তাঁদের মধ্যে ৯ হাজার ৬০০ জন বেসিক এবং ১ হাজার ৬০০ জন অ্যাডভান্সড পর্যায়ের প্রশিক্ষণ পাবেন। প্রতিটি কোর্সের মেয়াদ দুই মাস। ৫০টি ক্লাসে মোট ৩০০ ঘণ্টার তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হবে।
প্রশিক্ষণের পাঠ্যক্রমে চ্যাটজিপিটি, মাইক্রোসফট কোপাইলট, ডিপসিক, জেমিনি, মিডজার্নি, রানওয়ে, সিন্থেশিয়া, ট্যাবলো, ক্লিকআপ ও অ্যাডোবি সেনসেইসহ বিভিন্ন আধুনিক এআই টুল ও প্ল্যাটফর্ম ব্যবহারের ওপর গুরুত্ব দেওয়া হবে। এসব প্রযুক্তির মাধ্যমে এআইভিত্তিক কনটেন্ট তৈরি, তথ্য বিশ্লেষণ, ডিজিটাল উৎপাদনশীলতা ও অটোমেশনসহ বিভিন্ন ক্ষেত্রে ব্যবহারিক দক্ষতা অর্জনের সুযোগ পাবেন প্রশিক্ষণার্থীরা।













