বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

| ২ বৈশাখ ১৪৩৩

মার্ক জাকারবার্গকে চিঠি

স্মার্ট চশমায় ফেস রিকগনিশন পুরোপুরি বাতিল চায় মানবাধিকার সংগঠন

টেক স্ক্রল

প্রকাশ: ১০:৪১, ১৬ এপ্রিল ২০২৬

স্মার্ট চশমায় ফেস রিকগনিশন পুরোপুরি বাতিল চায় মানবাধিকার সংগঠন

পুরোপুরি নষ্ট হতে পারে প্রাইভেসি

মেটার স্মার্ট চশমায় চেহারা শনাক্তকরণ প্রযুক্তি যুক্ত করার পরিকল্পনায় তীব্র আপত্তি বিভিন্ন মানবাধিকার সংগঠনের। মার্ক জাকারবার্গকে একটি চিঠিও দিয়েছে তারা। এসিএলইউ, ইলেকট্রনিক প্রাইভেসি ইনফরমেশন সেন্টারসহ ৭০টির বেশি সংগঠন এক হয়ে এ চিঠি দিয়েছে। তারা বলছে, এ প্রযুক্তি সাধারণ মানুষের প্রাইভেসি নষ্ট করবে। অপরাধীরা ব্যক্তিগত তথ্য ব্যবহার করে হয়রানির সুযোগ পাবে। এছাড়া পিছু নেয়া ব্যক্তি, যৌন নিপীড়ক, গোয়েন্দা এজেন্টসহ অনেককে শক্তিশালী করে তুলবে।

 ব্যবহারকারীর সম্পর্কে গল্প করতে সক্ষম বিতর্কিত মোল্টবুক কিনে নিল মেটা

চিঠিতে শুধু সুরক্ষা ব্যবস্থা নয়, বরং প্রযুক্তিটি পুরোপুরি বাতিলের আহ্বান জানানো হয়েছে। মানবাধিকার সংগঠনগুলোর মতে, এই প্রযুক্তির বিপদ এতো বেশি যে, ফিচার বন্ধ রাখা কিংবা অপ্ট-আউটের সুবিধা ব্যবহারেও ঝুঁকি কমবে না।

মেটার ফেস রিকগনিশনে, সাধারণ মানুষকে পুরোপুরি অন্ধকারে রেখেই তাদের পরিচয় শনাক্ত করা হবে। নেয়া হবে না সম্মতি। নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ২০২৫ সালে মেটার অভ্যন্তরীণ একটি নথিতে উঠে এসেছিল, ফেস রিকগনিশন প্রযুক্তিটি এমন সময়ে বাজারে আনা হতে পারে যখন মানবাধিকার সংগঠনগুলো অন্যান্য ইস্যুতে ব্যস্ত থাকবে। মানবাধিকার সংগঠনগুলো এ কৌশলকে 'ছোটলোকি আচরণ’ বলে উল্লেখ করেছে।

 মেটার স্মার্ট চশমায় লাগানো যাবে চিকিৎসকের দেয়া পাওয়ারের কাঁচ

বিতর্কিত এ প্রযুক্তিটির নাম ‘নেইম ট্যাগ’। এটি এআই ব্যবহার করে যেকোনো ব্যক্তির সম্পর্কে বিস্তারিত তথ্য স্মার্ট গ্লাসের ডিসপ্লেতে তুলে ধরবে। এক্ষেত্রে সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রোফাইল, ব্যক্তিগত ওয়েবসাইটসহ বিভিন্ন সূত্র থেকে তথ্য নেয়া হতে পারে। অর্থাৎ সম্পূর্ণ অচেনা একজন লোকও, নির্দিষ্ট ব্যক্তির সম্পর্কে হাজারো তথ্য জানতে পারবেন। এক্ষেত্রে শুধু স্মার্ট চশমা পরে, টার্গেট ব্যক্তির সামনে দিয়ে যেতে হবে। এই প্রযুক্তি চালু করলে, মেটা ভিন্ন একটি সমস্যার মুখোমুখি হতে পারে। প্রাইভেসি রক্ষায় ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপের মতো সামাজিক মাধ্যমে অ্যাকাউন্ট বাতিলের হিড়িক পড়ে  যেতে পারে।

সূত্র: এনগেজেট

এ সম্পর্কিত খবর
আরও পড়ুন