তথ্য সুরক্ষা লঙ্ঘনের অভিযোগ
মেটাকে ৮০৫ মিলিয়ন ইউরো জরিমানা ইতালির
টেকস্ক্রল নেটওয়ার্ক
প্রকাশ: ১৩:০৯, ১৫ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৩:২২, ১৫ নভেম্বর ২০২৬
মেটাকে ৮০৫ মিলিয়ন ইউরো জরিমানা ইতালির
অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীদের অনুমতি ছাড়া তাঁদের গ্যালারিতে থাকা ছবি ও ভিডিও ব্যবহারের ঘটনায় ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটাকে ৮০৫ মিলিয়ন ইউরো (প্রায় ৮৮৭ মিলিয়ন ডলার) জরিমানা করেছে ইতালি। দেশটির ডেটা সুরক্ষা কর্তৃপক্ষ জানিয়েছে, ফেসবুক অ্যাপের একটি ফিচারের মাধ্যমে প্রায় ২ কোটি ব্যবহারকারীর ফোনের গ্যালারিতে প্রবেশ করলেও এ বিষয়ে তাঁদের স্পষ্টভাবে জানানো হয়নি।
এ ঘটনায় মেটাকে ৬০ দিনের মধ্যে ফিচারটি স্বয়ংক্রিয় ভাবে বন্ধ রাখা এবং ব্যবহারকারীদের কাছ থেকে আলাদা সম্মতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
ইতালির ডেটা সুরক্ষা কর্তৃপক্ষের (গ্যারান্তে প্রাইভেসি) এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৩ সাল থেকে ফেসবুকের অ্যান্ড্রয়েড অ্যাপে ‘গেট টিপস ফ্রম ইয়োর গ্যালারি হোয়াইল ব্রাউজিং ফেসবুক’ নামে একটি ফিচার চালু রয়েছে। ফেসবুক ব্যবহারের সময় এ ফিচার ফোনের গ্যালারিতে থাকা ছবি ও ভিডিও দেখিয়ে সেগুলো পোস্ট করার পরামর্শ দেয়।
কর্তৃপক্ষের তদন্তে দেখা গেছে, ফেসবুক অ্যাপের জন্য একবার অনুমতি দিলেই গ্যালারিতে প্রবেশের সুযোগ পেত মেটা। একই অনুমতি অ্যাপটির একাধিক ফিচারের জন্য ব্যবহার করা হতো। তবে অনুমতি চাওয়ার আগে দেখানো বার্তায় গ্যালারির ছবি ব্যবহার করে পোস্টের পরামর্শ দেওয়ার বিষয়টি স্পষ্ট করা হয়নি। ফলে ব্যবহারকারীরা ঠিক কীসের অনুমতি দিচ্ছেন, তা বুঝতে পারেননি।
এ ছাড়া ফিচারটি আগে থেকেই চালু রাখা হয়েছিল। ব্যবহারকারী অনুমতি দিলে অ্যাপটি ফোনের পুরো ছবির সংগ্রহে প্রবেশ করতে পারত। সাধারণত এ অনুমতি স্থায়ীভাবে কার্যকর থাকত। ফলে কোন ছবি বা তথ্য ব্যবহার করা হচ্ছে, তা ব্যবহারকারী কিংবা নিয়ন্ত্রক কর্তৃপক্ষের পক্ষে যাচাই করা সম্ভব ছিল না।
২০২৫ সালের জুলাইয়ে বলজানোর কনজ্যুমার প্রোটেকশন সেন্টারের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে ইতালির কর্তৃপক্ষ। তদন্তে প্রায় ২ কোটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীকে প্রভাবিত হওয়ার বিষয়টি উঠে আসে। জরিমানার পরিমাণ নির্ধারণে ব্যবহারকারীর সংখ্যা, দীর্ঘদিন ধরে এভাবে তথ্য ব্যবহারের বিষয়টি এবং তদন্তে মেটার সীমিত সহযোগিতাকে বিবেচনায় নেওয়া হয়েছে।
এদিকে জরিমানার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার পরিকল্পনার কথা জানিয়েছে মেটা। বিবিসিকে দেওয়া বক্তব্যে প্রতিষ্ঠানটির এক মুখপাত্র বলেন, কর্তৃপক্ষের তথ্য মূল্যায়ন, আইনের প্রয়োগ এবং জরিমানার পরিমাণের সঙ্গে তারা একমত নন।
মেটার দাবি, ফিচারটি ব্যবহারকারীদের ফেসবুকে ছবি ও ভিডিও পোস্ট করতে সহায়তা করে। এটি ব্যবহারের আগে ফোন থেকেই অনুমতি দিতে হয়। ব্যবহারকারীরা চাইলে যেকোনো সময় ফোনের সেটিংস থেকে সেই অনুমতি পরিবর্তন করতে পারেন।
ইতালির কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী, আগামী ৬০ দিনের মধ্যে ফিচারটির জন্য আলাদা ও সুনির্দিষ্ট সম্মতি নিতে হবে। একই সঙ্গে এটি কীভাবে কাজ করে, কেন গ্যালারিতে প্রবেশের অনুমতি প্রয়োজন এবং কীভাবে ফিচারটি বন্ধ করা যাবে, তা ব্যবহারকারীদের স্পষ্টভাবে জানাতে হবে। যাঁরা আগেই অনুমতি দিয়েছেন, তাঁদের ক্ষেত্রেও ফিচারটি ডিফল্টভাবে বন্ধ রাখতে হবে। বৈধ সম্মতি ছাড়া এটি চালু করা যাবে না।
এ জরিমানা মেটার বৈশ্বিক আয়ের প্রায় শূন্য দশমিক ৪৭ শতাংশ। তবে ব্যবহারকারীদের ছবি ও ভিডিও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রশিক্ষণে ব্যবহারের অভিযোগ এ তদন্তের আওতায় ছিল না। মেটাও এ ধরনের ব্যবহারের অভিযোগ অস্বীকার করেছে।
এর আগে গত মাসেও ব্যবসায়িক কার্যক্রম নিয়ে বড় অঙ্কের জরিমানার মুখে পড়ে মেটা। যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোর একটি আদালত ফেসবুক ব্যবহারকারীদের তথ্য ব্যবস্থাপনা নিয়ে বছরের পর বছর জনসাধারণকে বিভ্রান্ত করার অভিযোগে প্রতিষ্ঠানটিকে ২৫ বিলিয়ন ডলার জরিমানা করার নির্দেশ দেন।
সূত্র:বিবিসি













