ভারতে মেটার কার্যালয়ে ভাঙচুর,অ্যাকাউন্ট সরানোয় বিক্ষোভ
টেকস্ক্রল নেটওয়ার্ক
প্রকাশ: ১৫:০২, ২১ নভেম্বর ২০২৬ | আপডেট: ০১:৩৯, ২২ নভেম্বর ২০২৬
ভারতে মেটার কার্যালয়ে ভাঙচুর,অ্যাকাউন্ট সরানোয় বিক্ষোভ
ভারতে ইনস্টাগ্রাম থেকে নেতাদের অ্যাকাউন্ট সরিয়ে দেওয়ার প্রতিবাদে মেটার কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছেন বিরোধী দল কংগ্রেসের যুব শাখার কর্মীরা। শুক্রবার হায়দরাবাদ, মুম্বাই ও গুরুগ্রামে এ বিক্ষোভ হয়। হায়দরাবাদে মেটার কার্যালয় থাকা ভবনে ঢুকে ভাঙচুর করেন বিক্ষোভকারীরা। এ সময় পুলিশের সঙ্গেও তাঁদের সংঘর্ষ হয়।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, শনিবার ইন্ডিয়ান ইয়ুথ কংগ্রেসের প্রকাশ করা ভিডিওতে বিক্ষোভের এসব দৃশ্য দেখা গেছে। সংগঠনটির কর্মীরা তাঁদের নেতাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন। তবে এ বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি মেটা।
ব্যবহারকারীর সংখ্যার দিক থেকে ভারত মেটার সবচেয়ে বড় বাজার। দেশটিতে সামাজিক যোগাযোগমাধ্যমের কনটেন্ট সরানো নিয়ে সরকারের কঠোর অবস্থান এবং মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে বিতর্কের মধ্যেই এই বিক্ষোভ চলেছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার বলছে, স্থানীয় আইন লঙ্ঘন করে কিংবা জননিরাপত্তা ও জাতীয় নিরাপত্তার জন্য হুমকি তৈরি করতে পারে এমন কনটেন্ট সরানোর নির্দেশ দেওয়া হয়।
তবে কংগ্রেসের অভিযোগ, মেটাসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম বিরোধী দলের অ্যাকাউন্ট ও পোস্ট সরিয়ে তাদের কণ্ঠরোধ করছে। এসব প্ল্যাটফর্ম মোদি সরকারের প্রতি পক্ষপাত দেখাচ্ছে বলেও অভিযোগ দলটির। অন্যদিকে মেটার বক্তব্য, স্থানীয় আইন মেনেই ভারতে কনটেন্ট সীমিত করা হয়।
শুক্রবার হায়দরাবাদে প্ল্যাকার্ড হাতে স্লোগান দিয়ে মেটার কার্যালয় থাকা ভবনে প্রবেশ করেন বিক্ষোভকারীরা। এ সময় তাঁরা গাছের টব ভাঙচুর করেন এবং পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান। মুম্বাইয়ে মেটার কার্যালয় থাকা ভবনের বাইরের দেয়ালে স্প্রে-পেইন্ট দিয়ে প্রতিষ্ঠানবিরোধী স্লোগান লেখেন কংগ্রেস কর্মীরা।
তাঁদের বাধা দিতে গেলে নিরাপত্তাকর্মীদের সঙ্গেও সংঘর্ষ হয়। দিল্লির কাছের গুরুগ্রামে ব্যানার হাতে বিক্ষোভ করেন কর্মীরা। সেখানে ব্যানারে লেখা ছিল, ‘যুব কংগ্রেসের অ্যাকাউন্ট ফিরিয়ে দাও’।
ইন্ডিয়ান ইয়ুথ কংগ্রেস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানিয়েছে, নেতাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ফিরিয়ে না দিলে দেশের বিভিন্ন স্থানে মেটার কার্যালয়ের সামনে বিক্ষোভ করা হবে।
সংগঠনটির সামাজিক যোগাযোগমাধ্যম বিষয়ক দায়িত্বে থাকা মনু জৈন বলেন, শুক্রবারের বিক্ষোভের পর দুটি অ্যাকাউন্ট ফিরিয়ে দেওয়া হয়েছে। তবে সরকারের সমালোচক সাংবাদিক, কনটেন্ট নির্মাতা ও প্রভাবশালীদের হাজারো অ্যাকাউন্ট এখনো সীমিত রয়েছে।
মেটার অ্যালগরিদম কীভাবে পোস্ট সীমিত করে, সে বিষয়ে ব্যাখ্যা দেওয়ার পাশাপাশি সরকারের নির্দেশে সরিয়ে নেওয়া অ্যাকাউন্টগুলো ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন তিনি।
এদিকে ক্ষমতাসীন বিজেপির জাতীয় মুখপাত্র প্রদীপ ভান্ডারি কংগ্রেসের বিক্ষোভের সমালোচনা করেছেন। তাঁর অভিযোগ, হায়দরাবাদে মেটার কার্যালয় থাকা ভবনে ভাঙচুরের পাশাপাশি সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে নিজেদের কর্মকাণ্ডের প্রচার করছে কংগ্রেস। বেসরকারি প্রতিষ্ঠানের কার্যালয়ে ভাঙচুর চালানোকে তিনি দলটির রাজনৈতিক কর্মকাণ্ডের উদাহরণ হিসেবে উল্লেখ করেন।
এআইয়ের সাহায্যে বাড়ছে হানিট্র্যাপের ঝুঁকি
ভারতে সামাজিক যোগাযোগমাধ্যমে সাংবাদিকতাসংশ্লিষ্ট কনটেন্ট সরানোর ঘটনাও বাড়ছে বলে জানিয়েছে রিপোর্টার্স উইদাউট বর্ডারস। মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে কাজ করা সংগঠনগুলোর অভিযোগ, সরকারের নতুন নিয়মের কারণে কনটেন্ট সরানোর নির্দেশ পাওয়ার পর তা পর্যালোচনা ও সিদ্ধান্ত নেওয়ার জন্য সামাজিক যোগাযোগমাধ্যম প্রতিষ্ঠানগুলো খুব কম সময় পাচ্ছে।
চলতি বছরের ফেব্রুয়ারিতে মোদি সরকার বেআইনি কনটেন্ট সরানোর সময়সীমা ৩৬ ঘণ্টা থেকে কমিয়ে তিন ঘণ্টা করে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মেটার প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৬ সালের প্রথম ছয় মাসে ভারতের
স্থানীয় আইনের আওতায় ৫৪ লাখের বেশি পোস্ট বা অ্যাকাউন্ট সীমিত করেছে প্রতিষ্ঠানটি। আগের ছয় মাসে এ সংখ্যা ছিল প্রায় ৭০ হাজার। এই হিসাবে ইন্দোনেশিয়ার পর ভারতেই সবচেয়ে বেশি কনটেন্ট সীমিত করেছে মেটা।
মেটা জানিয়েছে, সীমিত করা কনটেন্টের বড় অংশই স্থানীয় আইনের বাধ্যবাধকতা মেনে আগাম নিয়ন্ত্রণ করা হয়েছে।
বিল বেশি দিয়েও ব্রডব্যান্ড ইন্টারনেটের গতি কম
সূত্র: রয়টার্স।













