এআই নজরদারি ঠেকাতে মোবাইলে স্ক্রিনশট সীমিত করছে সিগন্যাল
টেকস্ক্রল নেটওয়ার্ক
প্রকাশ: ১৭:৫০, ২২ নভেম্বর ২০২৬ | আপডেট: ০০:৪৩, ২৩ নভেম্বর ২০২৬
এআই নজরদারি ঠেকাতে মোবাইলে স্ক্রিনশট সীমিত করছে সিগন্যাল
অপারেটিং সিস্টেমে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার বাড়ার সঙ্গে ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। এআই এজেন্ট যেন ব্যবহারকারীদের ব্যক্তিগত কথোপকথন ও সংবেদনশীল তথ্য সংগ্রহ করতে না পারে, সে জন্য অ্যান্ড্রয়েড ও আইফোনে স্ক্রিনশট নেওয়ার সুবিধা সীমিত করছে মেসেজিং অ্যাপ সিগন্যাল।
শুক্রবার (২১ নভেম্বর) এক ব্লগ পোস্টে এ সিদ্ধান্তের কথা জানায় প্রতিষ্ঠানটি। সিগন্যালের প্রেসিডেন্ট মেরেডিথ হুইটেকার বলেন, উইন্ডোজ, অ্যান্ড্রয়েড এবং অ্যাপলের আইওএস ও ম্যাকওএসে যুক্ত এআই এজেন্ট ব্যবহারকারীদের পর্দায় থাকা তথ্য স্ক্যান করতে পারে। এতে ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা রক্ষার ক্ষেত্রে সিগন্যালের নিয়ন্ত্রণ দুর্বল হয়ে পড়ছে।
হুইটেকারের মতে, এআই এজেন্টকে বিভিন্ন কাজের সুযোগ দিতে গিয়ে ব্যবহারকারীদের সংবেদনশীল তথ্য সংগ্রহ ও সংরক্ষণের পথ তৈরি হচ্ছে। এসব তথ্য অপারেটিং সিস্টেমের এআই এজেন্টের ব্যবহৃত স্থানীয় ডেটাবেইস কিংবা দূরবর্তী সার্ভারে জমা হতে পারে।
এআইয়ের সাহায্যে বাড়ছে হানিট্র্যাপের ঝুঁকি
একবার তথ্য সংগ্রহ হয়ে গেলে সেটির ওপর সিগন্যালের আর নিয়ন্ত্রণ থাকে না। ফলে একটি কথোপকথনে অংশ নেওয়া সবার ব্যক্তিগত তথ্য ঝুঁকিতে পড়তে পারে।
এ ধরনের ঝুঁকি কমাতে উইন্ডোজ সংস্করণের সিগন্যাল অ্যাপে আগে থেকেই ডিফল্টভাবে স্ক্রিনশট নেওয়া বন্ধ রাখা হয়েছে। এবার অ্যান্ড্রয়েড ও আইওএস সংস্করণেও একই ব্যবস্থা চালু করছে প্রতিষ্ঠানটি।
তবে ব্যবহারকারীরা চাইলে অ্যাপের সেটিংস থেকে স্ক্রিনশটের ওপর এই বিধিনিষেধ তুলে নিতে পারবেন। হুইটেকার সতর্ক করেছেন, সেটি করলে ব্যবহারকারীদের গোপনীয়তা রক্ষায় সিগন্যালের দেওয়া নিশ্চয়তা আর কার্যকর থাকবে না।
তবে স্ক্রিনশট বন্ধ করলেই এআই নজরদারির ঝুঁকি পুরোপুরি দূর হবে না বলে জানিয়েছেন হুইটেকার। তাঁর মতে, এআই এজেন্টের অ্যাপের তথ্য সংগ্রহের আরও কিছু উপায় থাকতে পারে, যেগুলো এই ব্যবস্থার মাধ্যমে ঠেকানো সম্ভব নয়।
বিল বেশি দিয়েও ব্রডব্যান্ড ইন্টারনেটের গতি কম
সূত্র: টেকক্রাঞ্চ ও সিগন্যালের ব্লগ













