শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

| ৪ অগ্রাহায়ণ ১৪৩৩

দ্রুতগতির এআই

নতুন এআই মডেল জেমিনি ৪ নিওন আনল গুগল

প্রকাশ: ১৩:৪৮, ১৯ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৪:১৩, ১৯ নভেম্বর ২০২৬

নতুন এআই মডেল জেমিনি ৪ নিওন আনল গুগল

নতুন এআই মডেল জেমিনি ৪ নিওন আনল গুগল

কোডিং, গবেষণা ও জটিল সফটওয়্যারের কাজ আরও দ্রুত করতে নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল ‘জেমিনি ৪ নিওন’ এনেছে গুগল। প্রতিষ্ঠানটির দাবি, তাদের শক্তিশালী মডেল জেমিনি ৪ কার্বনের তুলনায় প্রায় তিন গুণ দ্রুত কাজ করতে পারে নিওন। একই সঙ্গে এর ব্যবহার ব্যয়ও প্রায় ৬০ শতাংশ কম। ফলে কম ব্যয়ে জটিল কাজ ও তথ্য বিশ্লেষণের সুযোগ পাবেন ব্যবহারকারীরা।

গত ১৮ নভেম্বর মডেলটি উন্মোচন করে গুগল। এর আগে ১২ নভেম্বর জেমিনি ৪ কার্বন ও জেমিনি ৪ হাইড্রোজেন চালু করেছিল প্রতিষ্ঠানটি। নতুন মডেলটিকে জেমিনি পরিবারের মাঝামাঝি স্তরে রাখা হয়েছে। হাইড্রোজেন মূলত দ্রুত দৈনন্দিন কাজের জন্য, আর কার্বন তৈরি করা হয়েছে বড় ও জটিল কাজের জন্য। এই দুই মডেলের মাঝামাঝি অবস্থানে থেকে কার্বনের কাছাকাছি সক্ষমতা ও দ্রুত ফল দেওয়ার লক্ষ্য নিয়ে তৈরি হয়েছে নিওন।

নতুন মডেল চালুর পর জেমিনি অ্যাপে আগের আর্গন মডেলের জায়গা নিয়েছে নিওন। একই সঙ্গে জেমিনি ৩.১ প্রো বন্ধ করেছে গুগল। নিওনে লেখা, অডিও, ছবি ও ভিডিও ব্যবহার করে নির্দেশনা দেওয়া যাবে। কাজের ধরন অনুযায়ী ডেভেলপাররা চারটি স্তরের মধ্যে পছন্দ করতে পারবেন—লো, মিডিয়াম, হাই ও এক্সট্রা হাই। এতে কাজের গতি ও বিশ্লেষণের গভীরতা নিজের প্রয়োজন অনুযায়ী ঠিক করা যাবে।

বিভিন্ন পরীক্ষায়ও ভালো ফল করেছে মডেলটি। এআই মডেলের সক্ষমতা যাচাইকারী প্রতিষ্ঠান আর্টিফিশিয়াল অ্যানালাইসিসের বুদ্ধিমত্তা সূচকে সর্বোচ্চ বিশ্লেষণ স্তরে ১০০-এর মধ্যে ৬১ পেয়েছে নিওন। একই সূচকে অ্যানথ্রপিকের ক্লড ফেবল ৫.২ পেয়েছে ৬৫ এবং ওপেনএআইয়ের জিপিটি-৬.২ অ্যাস্ট্রা পেয়েছে ৬২। গুগলের জেমিনি ৪ কার্বনের স্কোর ৬০। বিজ্ঞান ও গণিতভিত্তিক পরীক্ষার মধ্যে রিম্যানবেঞ্চে ৮৪ শতাংশ, টার্মিনাল-বেঞ্চ সায়েন্সে ৭০ দশমিক ৫ শতাংশ এবং এইচএলই-ডায়মন্ডে ৭১ দশমিক ৩ শতাংশ নম্বর পেয়েছে মডেলটি।

ব্যবসায়িক কাজ, আইনি গবেষণা ও অনলাইন নিরাপত্তার ক্ষেত্রেও নিওনের সক্ষমতা যাচাই করা হয়েছে। ভালস ইনডেক্সে ৭০ দশমিক ৯ শতাংশ নম্বর পেয়েছে এটি। আইনি গবেষণা ও কর হিসাবের দুটি পরীক্ষায়ও শীর্ষস্থান অর্জন করেছে। সফটওয়্যারের ত্রুটি খুঁজে বের করার পরীক্ষায় ৯০ দশমিক ৫ শতাংশ এবং সেই ত্রুটি সমাধানের পরীক্ষায় ৭০ দশমিক ৭ শতাংশ নম্বর পেয়েছে মডেলটি।

অনলাইন নিরাপত্তার পরীক্ষাতেও ভালো ফল করেছে নিওন। ভুল নির্দেশনা দিয়ে এআই মডেলকে বিভ্রান্ত করার পরীক্ষায় এর বিরুদ্ধে কোনো আক্রমণ সফল হয়নি। গুগলের নিজস্ব মূল্যায়নে মডেলটির সঠিকভাবে কাজ করার হার ৯৯ দশমিক ২ শতাংশ। অন্যদিকে, অনাকাঙ্ক্ষিত পদক্ষেপ নেওয়ার হার ছিল শূন্য দশমিক শূন্য ৯ শতাংশ।

 ই-স্পোর্টস প্রেমীদের জন্য ‘সার্কেল গেমিং এরিনা’; পুরস্কার ২৫ লাখ টাকা

জেমিনি ৪ নিওন ব্যবহার ব্যয় নির্ভর করবে মডেলকে কতটুকু তথ্য দেওয়া হচ্ছে এবং এটি কতটুকু তথ্য তৈরি করছে, তার ওপর। প্রতি ১০ লাখ টোকেন বা তথ্যের এককের জন্য ইনপুট খরচ ৩ ডলার। আগে ব্যবহার করা তথ্য আবার কাজে লাগালে খরচ কমে হবে ১৫ সেন্ট। আর মডেলের তৈরি করা প্রতি ১০ লাখ টোকেনের জন্য খরচ ১৫ ডলার। তুলনায় ওপেনএআইয়ের জিপিটি-৬.২ সলের ইনপুট খরচ ২ ডলার এবং অ্যানথ্রপিকের ক্লড ওপাস ৫.৫-এর ৪ ডলার।

তবে নভেম্বরের শেষ পর্যন্ত জেমিনি ৪ কার্বনে বিশেষ ছাড় থাকায় এ সময়ে নিওন ব্যবহারের খরচ তুলনামূলক বেশি হবে। ৩০ নভেম্বর পর্যন্ত কার্বনের প্রতি ১০ লাখ ইনপুট টোকেনের দাম ২ ডলার এবং তৈরি করা তথ্যের দাম ১০ ডলার। ১ ডিসেম্বর থেকে এই দাম বেড়ে যথাক্রমে ৪ ও ২০ ডলার হবে।

গুগল এআই প্রো ও আলট্রা প্যাকেজের গ্রাহকেরা জেমিনি অ্যাপের ‘ডিপার অ্যানালাইসিস’ সুবিধা থেকে নিওন ব্যবহার করতে পারবেন। ডেভেলপারদের জন্য মডেলটি পাওয়া যাচ্ছে গুগল এআই স্টুডিও, অ্যান্ড্রয়েড স্টুডিও, জেমিনি ফর বিজনেস ও গুগল অ্যান্টিগ্র্যাভিটিতে। এ ছাড়া অনলাইন নিরাপত্তার কাজে ব্যবহারের জন্য মডেলটির বিশেষ সংস্করণ তৈরির পরিকল্পনা রয়েছে গুগলের। এটি ফেয়ারউইন্ড প্রোগ্রামের সদস্যদের জন্য উন্মুক্ত করা হবে।

 স্বয়ংক্রিয় প্রযুক্তিতে কৌশল বদলাচ্ছে সাইবার অপরাধীরা

 

সূত্র: গুগল ব্লগ 
 

এ সম্পর্কিত খবর
আরও পড়ুন