বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

| ১০ অগ্রাহায়ণ ১৪৩৩

মিউজে ব্যক্তিগত বার্তা ও তথ্য কতটা নিরাপদ, যা জানাল মেটা

টেকস্ক্রল নেটওয়ার্ক

প্রকাশ: ১৪:৩০, ২৫ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৫:০৯, ২৫ নভেম্বর ২০২৬

মিউজে ব্যক্তিগত বার্তা ও তথ্য কতটা নিরাপদ, যা জানাল মেটা

মিউজে ব্যক্তিগত বার্তা ও তথ্য কতটা নিরাপদ, যা জানাল মেটা

ব্যবহারকারীর তথ্য সুরক্ষায় একাধিক স্তরের ব্যবস্থা রাখার কথা জানিয়েছে মিউজের নির্মাতা প্রতিষ্ঠান মেটা। তবে কোনো স্বয়ংক্রিয় ব্যবস্থাই শতভাগ নিরাপদ নয় বলে সতর্ক করেছে প্রতিষ্ঠানটি। তাই মিউজের কার্যক্রম নিয়মিত পর্যালোচনা এবং প্রয়োজন বুঝে তথ্য ব্যবহারের অনুমতি দেওয়ার পরামর্শ দিয়েছে তারা।

মেটার ব্যাখ্যা অনুযায়ী, মিউজ ক্লাউডভিত্তিক ভার্চ্যুয়াল মেশিনে (ভিএম) কাজ করে। ব্যবহারকারীর দেওয়া তথ্য এবং মিউজের সঙ্গে তৈরি করা ফাইল ও অন্যান্য কনটেন্ট সেখানে সংরক্ষিত থাকে। তথ্য হারিয়ে গেলে পুনরুদ্ধারের জন্য ব্যাকআপও রাখা হয়। প্রতিটি ব্যবহারকারীর জন্য আলাদা ভার্চ্যুয়াল মেশিন থাকায় অন্য ব্যবহারকারীর এজেন্ট সেখানে প্রবেশ করতে পারে না। ভবিষ্যতে ‘মিউজ কনফিডেনশিয়াল ভিএম’ চালুর পরিকল্পনাও রয়েছে। এই ব্যবস্থার লক্ষ্য, এমনভাবে তথ্য সুরক্ষিত রাখা, যাতে মেটাও সেগুলো দেখতে না পারে।

মিউজের সঙ্গে ব্যবহারকারীর কথোপকথন বা ভার্চ্যুয়াল মেশিনে সংরক্ষিত তথ্য মেটার বিজ্ঞাপন ব্যবস্থার সঙ্গে শেয়ার করা হয় না। ব্যবহারকারীর অ্যাকাউন্টস সেন্টারে ফেসবুক বা ইনস্টাগ্রামের মতো অন্য মেটা সেবা যুক্ত থাকলেও এই নীতি কার্যকর থাকবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

অন্য কোনো অ্যাপ বা সেবার সঙ্গে মিউজ যুক্ত করলে লগইন তথ্য, যেমন ইউজারনেম ও পাসওয়ার্ড, ‘সিকিউর ক্রেডেনশিয়ালস স্টোরে’ রাখা হয়। এর ফলে মিউজ প্রয়োজনীয় কাজ করতে পারলেও এআই মডেল সরাসরি পাসওয়ার্ড দেখতে পারে না। কোনো সেবায় প্রবেশের আগে সেটি সঠিক কি না, ব্যবহারকারী সংযোগের অনুমতি দিয়েছেন কি না এবং নির্দিষ্ট কাজ করার অনুমোদন রয়েছে কি না, তা যাচাই করা হয়।

এআই এজেন্টের জন্য আরেকটি ঝুঁকি হলো ‘প্রম্পট ইনজেকশন’। ওয়েবসাইট, ই-মেইল বা ফাইলে থাকা ক্ষতিকর নির্দেশনার মাধ্যমে এজেন্টকে ভুল কাজ করানোর চেষ্টা করা হয়। এ ধরনের ঝুঁকি ঠেকাতে মিউজে মডেল প্রশিক্ষণ, স্বয়ংক্রিয় শনাক্তকরণ এবং তথ্য ও সেবায় প্রবেশের সীমাবদ্ধতাসহ বিভিন্ন ব্যবস্থা রাখা হয়েছে। গুরুত্বপূর্ণ নিরাপত্তা যাচাইয়ের কিছু কাজ এআই মডেলের বাইরেও সম্পন্ন হয়।

মিউজের সঙ্গে কথোপকথন এআই মডেল উন্নয়নে ব্যবহার করা হবে কি না, সেই সিদ্ধান্তও ব্যবহারকারীর। তবে শুরুতে এ-সংক্রান্ত সেটিং চালু থাকে। সেটিংসের ‘ডেটা কন্ট্রোলস’ থেকে এটি বন্ধ করা যায়। বন্ধ করলে আগের ও পরবর্তী কথোপকথন মেটার এআই উন্নয়নে ব্যবহার করা হবে না। আর অনুমতি থাকলে নাম, ই-মেইল, ফোন নম্বর ও সামাজিক নিরাপত্তা নম্বরের মতো ব্যক্তিগত পরিচয় শনাক্তকারী তথ্য বাদ দিয়ে কথোপকথন অ্যাকাউন্ট থেকে আলাদা করে মডেল উন্নয়নে ব্যবহার করে মেটা।

মেটার নিজস্ব ও তৃতীয় পক্ষের অ্যাপ যুক্ত করার ব্যবস্থাকে বলা হয় ‘কানেক্টর’। এর মাধ্যমে মিউজ ক্যালেন্ডার দেখতে, ই-মেইল লিখতে এবং নতুন বার্তা পড়তে পারে। মেটার দাবি, কাজের জন্য প্রয়োজনীয় তথ্যই এসব সেবার সঙ্গে আদান-প্রদান করা হয়। তবে ব্যবহারকারীর অনুমতি ছাড়া পুরো ই-মেইল ইনবক্স ডাউনলোড করা হয় না। নতুন ই-মেইল স্বয়ংক্রিয়ভাবে পড়ার অনুমতিও সেটিংস থেকে নিয়ন্ত্রণ করা যায়।

 মেটার এআই এজেন্ট মিউজ উন্মুক্ত, কাজ করবে নিজে নিজেই

ই-মেইল পাঠানো বা পণ্য কেনার মতো গুরুত্বপূর্ণ কাজের আগে মিউজ সাধারণত ব্যবহারকারীর অনুমতি চায়। প্রস্তাবিত কাজ পর্যালোচনা করে তা অনুমোদন বা বাতিল করার সুযোগ থাকে। এ ছাড়া প্রতারণা, বেআইনি কাজ, অন্যের ক্ষতি কিংবা অপ্রাপ্তবয়স্কদের ক্ষতি করতে পারে এমন কার্যক্রম ঠেকাতে নিরাপত্তানীতিও রয়েছে।

ব্যবহারকারীরা চাইলে মিউজে পাঠানো বার্তা, সাইড চ্যাট ও সংরক্ষিত ফাইল মুছে ফেলতে পারেন। সব তথ্য মুছে নতুন করে শুরু করতে রয়েছে রিসেটের সুযোগ। তবে মুছে ফেলা তথ্য থেকে শেখা কিছু বিষয় মিউজের স্মৃতিতে থেকে যেতে পারে। এ জন্য নির্দিষ্ট বিষয় ভুলে যাওয়ার নির্দেশ দেওয়ার ব্যবস্থাও রয়েছে। মিউজ কী মনে রেখেছে, তা সরাসরি জিজ্ঞাসা করা বা ‘মেমোরি ডট এমডি’ ফাইল দেখে জানা যায়। কোনো অস্বাভাবিক বা উদ্বেগজনক কার্যক্রম চোখে পড়লে সেটিংসের ‘রিপোর্ট অ্যান ইস্যু’ অপশন থেকে অভিযোগ জানানো যায়। মোবাইল অ্যাপে ফোন ঝাঁকিয়েও সমস্যার প্রতিবেদন পাঠানো সম্ভব।

 স্বয়ংক্রিয় প্রযুক্তিতে কৌশল বদলাচ্ছে সাইবার অপরাধীরা 

 

সূত্র: মেটা 

 

এ সম্পর্কিত খবর
আরও পড়ুন