বাড়ি কিনতে ঋণ
সিইওর ঋণের জন্য বেতন দিতে পারছে না এরিক ট্রাম্পের রোবট নির্মাতা কোম্পানি
টেক স্ক্রল
প্রকাশ: ০৭:২৯, ১৬ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৩:৩৯, ১৬ নভেম্বর ২০২৬
যুক্তরাষ্ট্রের সামরিক প্রযুক্তি ও হিউম্যানয়েড রোবট নির্মাতা স্টার্টআপ ফাউন্ডেশন ফিউচার ইনডাস্ট্রিজ চরম আর্থিক সংকটে পড়েছে। কর্মীদের বেতন পরিশোধ করতে না পারায় প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন উঠেছে। এরই মধ্যে কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা ও সহপ্রতিষ্ঠাতা সানকেত পাঠকের বিরুদ্ধে প্রতিষ্ঠান থেকে ৪৬ লাখ ডলার ঋণ নিয়ে বিলাসবহুল বাড়ি কেনার অভিযোগ সামনে এসেছে।
সিএনবিসির এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে সংশ্লিষ্ট কয়েকজন ব্যক্তির বরাত দিয়ে বলা হয়েছে, গত ৩০ অক্টোবর কর্মীদের বেতন দেয়ার নির্ধারিত তারিখ পার হলেও প্রতিষ্ঠানটি বেতন পরিশোধ করতে পারেনি।
কোম্পানির অর্থে বিলাসবহুল বাড়ি
প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালে ফাউন্ডেশন ফিউচার ইনডাস্ট্রিজ থেকে ৪৬ লাখ ডলার ঋণ নেন প্রতিষ্ঠানটির CEO সানকেত পাঠক। ওই অর্থ দিয়ে ক্যালিফোর্নিয়ার সসালিটো এলাকায় একটি বিলাসবহুল বাড়ি কেনা হয় বলে জানা গেছে।
সম্পত্তির নথিতে দেখা যায়, ২০২৫ সালের অক্টোবরে পাঠককে একক মালিক হিসেবে উল্লেখ করা একটি এলএলসি প্রতিষ্ঠান ৪৬ লাখ ডলারে বাড়িটি কেনে।
সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, পাঠক ওই অর্থকে স্বল্পমেয়াদি ঋণ হিসেবে বর্ণনা করেছিলেন। কোম্পানির আর্থিক বিবরণীর মাধ্যমে বিদ্যমান বিনিয়োগকারীরাও ঋণের বিষয়টি সম্পর্কে অবগত ছিলেন।
তবে কর্মীদের বেতন বকেয়া থাকার সময় এই ঋণের বিষয়টি নতুন করে অসন্তোষ তৈরি করেছে। তাঁদের মধ্যে কেউ কেউ মনে করছেন, এই অর্থ কর্মীদের বেতন পরিশোধেও ব্যবহার করা যেত।
একক নিয়ন্ত্রণে কোম্পানি পরিচালনা
প্রতিষ্ঠানটির করপোরেট কাঠামো নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, সানকেত পাঠকই কোম্পানিটির একমাত্র পরিচালনা পর্ষদ সদস্য এবং অধিকাংশ শেয়ারের মালিক। ফলে গুরুত্বপূর্ণ আর্থিক সিদ্ধান্ত গ্রহণে স্বাধীন তদারকির অভাব রয়েছে বলে মনে করছেন সম্ভাব্য বিনিয়োগকারীদের কেউ কেউ।
প্রতিষ্ঠানটি বর্তমানে কয়েক শ মিলিয়ন ডলারের নতুন বিনিয়োগ সংগ্রহের চেষ্টা করছে। এ ক্ষেত্রে কোম্পানিটির সম্ভাব্য মূল্যায়ন ধরা হয়েছে ৩০০ কোটি ডলার।
তবে আর্থিক সংকট ও পরিচালনাগত স্বচ্ছতা নিয়ে প্রশ্নের কারণে নতুন বিনিয়োগ সংগ্রহ কঠিন হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এটি অবশ্য প্রথমবার নয়। ২০২৬ সালের আগস্টেও কর্মীদের বেতন দেয়ার মতো পর্যাপ্ত অর্থ ছিল না প্রতিষ্ঠানটির হাতে। পরে একজন বিদ্যমান বিনিয়োগকারীর কাছ থেকে স্বল্পমেয়াদি ঋণ পাওয়ার প্রায় দুই দিন পর কর্মীদের বেতন দেয়া হয়।
পেন্টাগনের চুক্তি নিয়ে বিভ্রান্তি
প্রতিষ্ঠানটি সামরিক কাজে ব্যবহারযোগ্য হিউম্যানয়েড রোবট তৈরির উচ্চাভিলাষী পরিকল্পনা নিয়ে কাজ করছে। তাদের ফ্যান্টম সিরিজের রোবট নিয়ে এরই মধ্যে প্রযুক্তি অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে।
প্রতিষ্ঠানটির সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ছেলে এরিক ট্রাম্পের সম্পৃক্ততাও আলোচনায় এসেছে। চলতি বছরের এপ্রিলে তাকে ফাউন্ডেশন ফিউচার ইনডাস্ট্রিজের বিনিয়োগকারী ও প্রধান কৌশলগত উপদেষ্টা হিসেবে পরিচয় করিয়ে দেয়া হয়। প্রতিষ্ঠানটির সঙ্গে পেন্টাগনের ২ কোটি ৪০ লাখ ডলারের চুক্তি রয়েছে বলে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছিল।
সূত্র: সিএনবিসি













