শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

| ৮ আশ্বিন ১৪৩৩

খুলছে সম্ভাবনার দুয়ার

নিজেই হাঁটতে পারে রোবটিক হাত, চাপতে পারে কিবোর্ডের বোতামও

টেক স্ক্রল

প্রকাশ: ১৬:২৯, ২৪ সেপ্টেম্বর ২০২৬

নিজেই হাঁটতে পারে রোবটিক হাত, চাপতে পারে কিবোর্ডের বোতামও

সুইজারল্যান্ডের জুরিখে অবস্থিত সুইস ফেডারেল ইনস্টিটিউট অব টেকনোলজির সফট রোবোটিক্স ল্যাবের গবেষকেরা একটি রোবটিক হাতকে এমনভাবে তৈরি করেছেন, যাতে সেটি নিজে নিজে চলতে, ভারসাম্য রাখতে এবং আশপাশের বস্তুর সঙ্গে কাজ করতে পারে।

গবেষণায় ব্যবহৃত রোবটিক হাতটির পেছনে ব্যাটারি, মোশন সেন্সর ও একটি ছোট কম্পিউটার যুক্ত করা হয়। এরপর কম্পিউটার সিমুলেশনে বিশেষ প্রশিক্ষণ পদ্ধতি ব্যবহার করে হাতটিকে ভারসাম্য বজায় রাখা ও আঙুলের সাহায্যে এগিয়ে চলা শেখানো হয়। পরীক্ষায় রোবটিক হাতটি কার্পেট, নুড়ি, ঘাস, ধাতব গ্রেটিংসহ ১৪ ধরনের জায়গায় চলতে সক্ষম হয়। দুই পাশের যেকোনো একদিকে পড়ে থাকা অবস্থায় শুরু করা ২৫টি পরীক্ষার মধ্যে ২১ বার নিজেকে সোজা অবস্থায় ফেরাতে পেরেছে রোবটটি।

 গত বছর বিশ্বে ৭ হাজার হিউম্যানয়েড রোবট বিক্রি

কিবোর্ডে সঠিক বোতামে চাপ 

রোবটটির সক্ষমতা যাচাই করতে কিবোর্ডে বোতাম চাপার পরীক্ষাও চালানো হয়। চারটি আঙুলের ওপর নিজের ওজন ধরে রেখে পঞ্চম আঙুলটি ওপরে তুলে নির্দিষ্ট অ্যারো কী চাপতে বলা হয়। ৩২টি চেষ্টায় রোবটটি ২৯ বার সঠিক বোতাম চাপতে সক্ষম হয়। এই পরীক্ষায় কিবোর্ডের বোতাম শনাক্ত করতে রোবটটির কোনো ভিশন সিস্টেম ব্যবহার করা হয়নি।

ছোট বস্তুও সরাতে পারে

আরেক পরীক্ষায় রোবটিক হাতটি একটি ছোট কিউবের কাছে গিয়ে সেটিকে ঠেলে নির্দিষ্ট লক্ষ্যস্থানে নেয়ার চেষ্টা করে। ওপর থেকে ক্যামেরার মাধ্যমে বস্তুটির অবস্থান সম্পর্কে তথ্য দেয়া হয়। ১৫টি পরীক্ষায় কিউবটিকে লক্ষ্যস্থানে পৌঁছানোর পর গড় ভুলের পরিমাণ ছিল মাত্র ১৭ মিলিমিটার।

ভবিষ্যতে কোথায় কাজে লাগতে পারে?

গবেষকদের মতে, এই ধরনের স্বয়ংচল রোবটিক হাত ভবিষ্যতে এমন জায়গায় কাজে লাগতে পারে যেখানে একটি সম্পূর্ণ রোবটিক বাহু নিয়ে প্রবেশ করা কঠিন। প্রচলিত রোবটিক হাত সাধারণত একটি বাহুর সঙ্গে যুক্ত থাকে। ফলে হাতকে কোনো জায়গায় নিতে হলে পুরো বাহুটিকেও সেখানে নিয়ে যেতে হয়।

নতুন পদ্ধতিতে হাতটির নিজস্ব শক্তি, সেন্সর ও কম্পিউটিং ক্ষমতা থাকায় এটি বাহু থেকে বিচ্ছিন্ন অবস্থাতেও চলতে পারে। ফলে সীমিত বা সংকীর্ণ জায়গায় ছোট আকারের মোবাইল ম্যানিপুলেটর হিসেবে এ ধরনের প্রযুক্তি ব্যবহারের সম্ভাবনা রয়েছে।

গবেষকেরা বলছেন, মানুষের জন্য তৈরি বিভিন্ন পরিবেশ ও ইন্টারফেসে কাজ করার ক্ষেত্রে ভবিষ্যতের রোবটকে আরও বহুমুখী করে তুলতে পারে এমন স্বয়ংচল রোবটিক হাত।

আরও পড়ুন